CT 2025, AFG vs SA: টুর্নামেন্টে অভিষেকে আত্মবিশ্বাসী আফগানিস্তান, চাপে দক্ষিণ আফ্রিকা
CT 2025, AFG vs SA: কাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের খেলা। করাচিতে আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা।
আফগানিস্তান এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি হুঙ্কার ছেড়েছেন, তাঁরা শুধু অংশ নিতেই আসেননি, খেতাব জিততেই এসেছেন।

গত বছর শারজায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতেছিল আফগানিস্তান। কালকের দ্বৈরথের আগে সেই সাফল্যের কথা মাথায় রেখেই উদ্বুদ্ধ হচ্ছেন শাহিদিরা। চাপমুক্ত থেকে আত্মবিশ্বাস সম্বল করেই ঝাঁপানোর কথা বলেছেন আফগান অধিনায়ক।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে উঠতে পারেনি। হেরেছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে। শেষ ৬টি ওডিআইয়ে টানা হেরেছে প্রোটিয়ারা। গত বিশ্বকাপের পর চারটির মধ্যে তিনটি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজেই তারা পরাস্ত হয়েছে।
করাচির পিচে হাই স্কোরিং ম্য়াচ হওয়ার সম্ভাবনা। গত ১২ ফেব্রুয়ারি করাচিতেই দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৩৫২ তোলার পরেও হেরে গিয়েছে পাকিস্তানের কাছে। আফগানিস্তান আল্লাহ গজনফারকে পাচ্ছে না। তবুও রশিদ খানরা শক্ত চ্যালেঞ্জই ছুড়বেন তেম্বা বাভুমার দলের দিকে।
আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে শেষ চারটি ওডিআই সিরিজ জিতে। ত্রিদেশীয় সিরিজে পূর্ণশক্তির দল খেলায়নি প্রোটিয়ারা। আফগানদের কাছে হারের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে ধাপে ধাপে ফাইনালের দিকে যেতে চাইছেন বাভুমা।
দক্ষিণ আফ্রিকার একাদশে থাকবেন না রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস। এইডেন মার্করাম অফ-স্পিন করতে পারেন। ফলে কেশব মহারাজ থাকবেন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে। ফলে জোরে বোলারদের পাশাপাশি উইয়ান মুল্ডার ও মার্কো জানসেনকে সিম বোলিং অলরাউন্ডার হিসেবে খেলাবে প্রোটিয়ারা।
আফগানিস্তান দলে গত মার্চের পর ফিরছেন ইব্রাহিম জাদরান। রশিদ খান ও মহম্মদ নবির সঙ্গে তৃতীয় স্পিনার হতে পারেন নূর আহমেদ বা নাঙ্গেয়ালিয়া খারোটে। আফগানিস্তান খেলাতে পারে চার সিমারকে।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ- ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, গুলবদিন নঈব, মহম্মদ নবি, রশিদ খান, নূর আহমেদ বা নাঙ্গেয়ালিয়া খারোটে, নাভিদ জাদরান ও ফজলহক ফারুকি।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, করবিন বশ, কেশব মহারাজ, কাগিসো রাবাডা।












Click it and Unblock the Notifications