৭ দিন পর পুনর্মিলন বিরাটদের, সদলবলে আইপিএলের প্রস্তুতি শুরু
৭ দিন পর পুনর্মিলন বিরাটদের, সদলবলে আইপিএলের প্রস্তুতি শুরু
সাত দিনের সেলফ আইসোলেশন পর্ব কাটিয়ে সতীর্থদের সঙ্গে ফের একত্রিত হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। দেখা করলেন দলের কোচ সাইমন কাটিচ এবং ডিরেক্টর মাইক হেসনের সঙ্গেও। আরসিবির পোস্ট করা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

করোনা ভাইরাসের আবহে আইপিএলে অংশ নিতে গত ২১ অগাস্ট দুবাই পৌঁছন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা। স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে এরপরের সাত দিন হোটেলের ঘরেই বন্দি থাকতে হয় বিরাট কোহলিদের। ঘরে বসে ভার্চুয়াল টিম মিটিংও সেরে নেন মাইক হেসনরা। ইতিমধ্যে বিরাটদের সেলফ আইসোলেশন পর্ব মিটে গিয়েছে। তিন বার কোভিড-১৯ টেস্টও করে ফেলেছেন যুজবেন্দ্র চাহালরা। ফলে এবার এক জায়গায় মিলিত হতে ক্রিকেটারদের আর কোনও সমস্যা নেই।

বৃহস্পতিবারই শেষ হয় বিরাট কোহলিদের সেলফ আইসোলেশন পর্ব। ওইদিন বিকেলে হোটেলের লনে মিলিত হন আরসিবি ক্রিকেটার, কোচ সাইমন কাটিচ ও ডিরেক্টর মাইক হেসন। তাঁদের মধ্যে হালকা ছলে কথাও হয়। আলাদা করে কথা হয় কোচ, ডিরেক্টর ও অধিনায়ক কোহলির। এরপর ক্রিকেটাররা হোটেলের মধ্যে ইন্ডোর গেম এবং ফুটবলে মেতে ওঠেন।

সাত দিন পর ঘরের বাইরে বেরোতে পেরে ক্রিকেটারদের মুখে যে সন্তুষ্টি চোখে পড়েছে, তা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আরসিবি। সেই ছবিগুলি ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে। এবার মাঠে নেমে অনুশীলন শুরু করবেন বিরাট কোহলিরা।












Click it and Unblock the Notifications