IPL Auction: কেকেআরে ক্যামেরন গ্রিন এলেন আইপিএলে রেকর্ড গড়ে, তবে যত দর উঠল সেই অর্থ পাবেন না

আবু ধাবিতে চলছে আইপিএলের নিলাম। তাতেই রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার তারকা ক্যামেরন গ্রিন। তাঁকে ২৫.২০ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।

ফলে আইপিএলের ইতিহাসে এখনও অবধি সবচেয়ে বেশি দর পাওয়া বিদেশি ক্রিকেটারের তকমা পেলেন গ্রিন। যদিও তিনি ২৫ কোটি ২০ লক্ষ টাকা পাবেন না বলেই জানা যাচ্ছে।

২০২৪ সালের আইপিএলে গ্রিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১২টি ম্যাচে ২২৫ রান করেছিলেন, স্ট্রাইক রেট ছিল ১৪৩.২৫। ১৩ ম্যাচে নেন ১০ উইকেট। মুম্বই ইন্ডিয়ান্স দলেও ছিলেন গ্রিন। সেখান থেকে ট্রেডিংয়ের মাধ্যমে গ্রিনকে নিয়েছিল আরসিবি। বর্তমানে তিনি ফিট এবং অস্ট্রেলিয়ার হয়ে দুটি অ্যাশেজ টেস্টেও খেলেছেন।

গ্রিনকে বেস প্রাইস ২ কোটি টাকায় নিতে প্রথমে ঝাঁপায় মুম্বই ইন্ডিয়ান্স। এরপর দর কষাকষিতে নামে রাজস্থান রয়্যালস। কেকেআর দর দেয় ২.৮ কোটি টাকা। কেকেআর ও রাজস্থান রয়্যালসের মধ্যে টক্কর চলতে থাকে।

রাজস্থান রয়্যালস ১৩.৬ কোটি অবধি দর দেয়। এরপর ১৩.৮ কোটি দর দেয় চেন্নাই সুপার কিংস। রাজস্থান সরে দাঁড়ায়। সিএসকে একটা সময় ১৬.২ কোটি দর দিয়ে গ্রিনকে তুলেই ফেলছিল। এরপর কেকেআর আর সিএসকের লড়াই চলতে থাকে। শেষ অবধি কেকেআর ২৫.২ কোটি টাকা দর দিতেই সরে দাঁড়ায় সিএসকে।

তবে আইপিএলের নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা। বাকিটা প্লেয়ারদের কল্যাণে বিসিসিআইয়ের ফান্ডে যাবে। সর্বশেষ প্লেয়ার রিটেনশনের সর্বাধিক স্ল্যাব ছিল ১৮ কোটি টাকা, ফলে সেটাই এবার মিনি অকশনে বিদেশিদের জন্য সর্বাধিক দরের মাপকাঠি।

আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি ২৭ কোটি টাকা দর উঠেছিল ঋষভ পন্থের। টপকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ারকে (২৬.৭৫ কোটি)। আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটারদের তালিকার তিনে আপাতত গ্রিন। চারে নেমে গেলেন মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি)।

উল্লেখ্য, গত বছর ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটি নোটে আইপিএল জানিয়েছিল "মিনি নিলামে কোনও বিদেশি খেলোয়াড়ের নিলাম ফি সর্বোচ্চ রিটেনশন ফি (১৮ কোটি টাকা) এবং মেগা নিলামে সর্বোচ্চ নিলাম মূল্যের মধ্যে যেটি কম সেটি হবে। যদি বড় নিলামে সর্বোচ্চ নিলাম মূল্য ২০ কোটি টাকা হয়, তবে ১৮ কোটি টাকা হবে সর্বোচ্চ সীমা (cap)। যদি মেগা নিলামে সর্বোচ্চ নিলাম মূল্য ১৬ কোটি টাকা হয়, তবে ১৬ কোটি টাকাই হবে সর্বোচ্চ সীমা।"

এদিকে, কেকেআর মাথিশা পাথিরানাকে নিয়েছে ১৮ কোটি টাকায়। ফিন অ্যালেনকে নিয়েছে ২ কোটি টাকায়। কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়েছিল। তাঁকে ৭ কোটি টাকায় কিনল আরসিবি। ডেভিড মিলার ও বেন ডাকেটকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ওয়ানিন্দু হাসারঙ্গাকে লখনউ সুপার জায়ান্টস। কুইন্টন ডি কককে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+