CAB's Vision 2028: ভিশন ২০২৮ চালু করছে সিএবি! কোন দায়িত্বে মনোজ, প্রসাদ ও হিরওয়ানি?
CAB's Vision 2028: জগমোহন ডালমিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায়দের পরিকল্পনামাফিক সিএবির ভিশন ২০২০ সফল হয়েছিল। বাংলার ক্রিকেটের সাপ্লাই লাইন তৈরিতে তা ইতিবাচক ভূমিকা নেয়।
বাংলা থেকে এই প্রকল্পের ফলে উপকৃত অনেকেই সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। এবার সিএবি চালু করতে চলেছে ভিশন ২০২৮। যার প্রথম পর্যায় শুরু হচ্ছে কাল, চলবে ৭ এপ্রিল পর্যন্ত।

ভিশন ২০২০-তে সৌরভ নিজে যেমন সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, তেমনই ওয়াকার ইউনিস, মুথাইয়া মুরলীধরনদের আনা হয়েছিল। ইউনিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন টিএ শেখর। ভিভিএস লক্ষ্মণও দীর্ঘদিন ভিশন ২০২০-তে ছিলেন ব্যাটিং পরামর্শদাতা হিসেবে।
বেঙ্গল প্রো টি২০ লিগ চলাকালীনই কলকাতায় এসে গিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। ভারতীয় দলের প্রাক্তন পেসারের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। সেই প্রসাদের কাঁধেই ভিশন ২০২৮ প্রকল্পে মিডিয়াম পেস বোলারদের দেখভালের দায়িত্ব দেওয়া হলো।
এই প্রকল্পের ব্যাটিং কোচ হলেন মনোজ তিওয়ারি। ভিশন ২০২৮-এ স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলাবেন নরেন্দ্র হিরওয়ানি। প্রথম পর্যায়ের শিবিরে ডাকা হয়েছে অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের। প্রতিভা অন্বেষণ করে বাংলা দলের সাপ্লাই লাইন জোরদার করাই মূল লক্ষ্য।
এরপর ধাপে ধাপে বাংলার বয়সভিত্তিক দল ও সিনিয়র দলের ক্রিকেটারদেরও প্রশিক্ষণ দেবেন এই তিনজন। আগামী মরশুমের জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই তিন প্রাক্তন ক্রিকেটার।
আজ সিএবিতে প্রসাদ, হিরওয়ানি ও মনোজের সঙ্গে বৈঠক করেন সিএবি কর্তারা। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বাংলার বয়সভিত্তিক দলের কোচেরাও হাজির ছিলেন এই বৈঠকে।












Click it and Unblock the Notifications