'সেরা ফোন কল', কে ২০২৩ সালে চাকরি ছাড়তে বারণ করেন? সেই কথা জানালেন রাহুল দ্রাবিড়
২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে হার। একাধিক সমালোচনা তৈরি হয়েছিল সেই সময়৷ কোচ রাহুল দ্রাবিড়ের দিকেও আঙুল উঠেছিল। ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে বিজয়োল্লাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ট্রফি তুলে দেওয়া। ধন্য ধন্য করা হচ্ছে হেড কোচ রাহুল দ্রাবিড়কেও৷
২০২৩ এর হারের পর ২০২৪ সালের ২৯ জুন পর্যন্ত সময়। এই কয়েকটা মাস এতটাও সহজ ছিল না। ভেঙে পড়ার পর আবার ঘুরে দাঁড়ানো৷ গা হাত পা ঝেড়ে আবার নতুন করে কাজ শুরু করা। লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। মিস্টার ডিপেন্ডেবলের মানসিক স্থিতি নড়ে গিয়েছিল৷

কেবল একটা ফোন কল। বারণ বা অনুরোধ, যাই বলা হোক না কেন। টিম ইন্ডিয়ার চাকরি আর ছাড়তে পারেননি রাহুল। আজ এত দিন পর সেই কথাই সকলের সামনে তুলে ধরলেন। কে ফোন করেছিলেন দ্রাবিড়কে? কে ছাড়তে বারণ করেন ভারতীয় ক্রিকেট জাতীয় দলের কোচের চাকরি?
৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে ভারত ফাইনালে হেরেছিল। টুর্নামেন্ট আনন্দের হলেও হারের শোক চেপে ধরেছিল রাহুল দ্রাবিড়কেও। কোচের চাকরি থেকে সরে দাঁড়ানোর ভাবনাচিন্তাও করছিলেন তিনি৷ সেই সময় ফোন করেছিলেন রোহির শর্মা। রাহুলকে সাহস জোগান।
কোচের চাকরি ছাড়তে বারণ করেন। হাতে ছয় - আট মাস মতো সময় আছে। আরও একটা সুযোগ। পরিশ্রম করে দুজনে একসঙ্গে কাপ আনবেন। এই কথা ফোনে রাহুলকে বলেছিলেন ভারতীয় ক্রিকেটের জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর উচ্ছ্বাসে ভেসে গিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা।
বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়৷ আর সেখানেই এই ফোন কলের কথা প্রকাশ্যে আনেন রাহুল। "সেটা ছিল আমার জীবনের সেরা ফোন কল৷" এমনই বলেন রাহুল দ্রাবিড়।
রাহুলের টিম ইন্ডিয়ার সঙ্গে জার্নির মেয়াদ প্রায় শেষ। আপাতত এখন আর তিনি টিম ইন্ডিয়ার প্রধান কোচের ভূমিকায় থাকবেন না। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্রাবিড় নিজেও আবেগে ভেসে গিয়েছেন। মণিকোঠায় এইসব কিছু কুড়িয়ে নিয়ে একে একে জমা করেছেন তিনি৷ আগামী দিনে এগুলোই রাহুলকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে৷
রাহুল আবেগতাড়িত হয়ে পড়েছিলেন বিশ্বকাপ হাতে নিয়ে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামেও সেই আবেগতাড়িত রাহুল দ্রাবিড়কে দেখা গেল৷
রাহুল শেষে বলেছেন, " আমি এই ভালোবাসা মিস করব। আমরা আজ যা দেখেছি, তা একেবারেই অসাধারণ। আমি মনে করি, এটা সেই ভক্ত এবং মানুষ, যারা ক্রিকেটকে খেলা হিসেবে বানিয়েছে।" রোহিত শর্মা, বিরাট কোহলিদের কাছে তিনি ঋণী। এই কথাও বলেছেন মিস্টার ডিপেন্ডেবল।












Click it and Unblock the Notifications