উত্তরাখণ্ডের মরিয়া লড়াই, ইডেনে রঞ্জি ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া কঠিন বাংলার
ইডেনে উত্তরাখণ্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে পুরো ৬ পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই নেমেছিল বাংলা। যদিও তৃতীয় দিনের শেষের পরিস্থিতি অনুযায়ী তা এখন বেশ কঠিন। মূলত বোলারদেরই ব্যর্থতায়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আপাতত ৫৫ রানে এগিয়ে উত্তরাখণ্ড। হাতে ৮ উইকেট। কাল দ্রুত বাকি উইকেটগুলি তুলে ফেলাই টার্গেট বাংলার।

উত্তরাখণ্ডের ২১৩ রানের জবাবে গতকাল দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ছিল ৯২.৫ ওভারে ৬ উইকেটে ২৭৪। আজ সকালে ৯৩তম ওভারের শেষ বলটি খেলেন সুরজ সিন্ধু জয়সওয়াল। এরপর আজ প্রথম বল খেলতে গিয়েই আউট হয়ে যান সুমন্ত গুপ্ত। ১৫০ বলে ৮২ রান করে সুমন্ত আজ দেবেন্দ্র সিং বোরার বলে বোল্ড হয়ে যান।
বাংলার প্রথম ইনিংস শেষ হয় ১০৮.৫ ওভারে ৩২৩ রানে। ফলে লিড ছিল ১১০ রানের। সুরজ সিন্ধু জয়সওয়াল ৪৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন। আকাশ দীপ ২১ বলে ১৯, মহম্মদ শামি ২৪ বলে ১০ ও ঈশান পোড়েল ১ বলে ০ রানে আউট হন। দেবেন্দ্র সিং বোরা ৭৯ রান খরচ করে নেন ৬ উইকেট। রাজন কুমার, জন্মেজয় যোশী, অবনীশ সুধা ও জগদীশা সুচিথ পান ১টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় উত্তরাখণ্ড। অবনীশ সুধা ৮ বলে ১ রান করে আকাশ দীপের শিকার হন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১৪৬ রানের পার্টনারশিপ গড়েন প্রশান্ত চোপড়া ও অধিনায়ক কুণাল চান্দেলা। প্রশান্ত ১৬৩ বলে ৮২ রান করে বিশাল ভাটির বলে লেগ বিফোর হন। কুণাল ২০৩ বলে ৬৮ ও ভূপেন লালওয়ানি ২৮ বলে ১২ রানে অপরাজিত আছেন।
মহম্মদ শামি চারটি মেডেন-সহ ১৫ ওভারে ২১ রান দিয়ে উইকেট পাননি। আকাশ দীপ তিনটি মেডেন-সহ ১৩ ওভারে ৩৯ রান খরচ করে একটি উইকেট নেন। বিশাল ভাটি ১টি মেডেন-সহ ১৪ ওভারে ৩৯ রান দিয়ে ১টি উইকেট নেন। ঈশান পোড়েল ২টি মেডেন-সহ ১২ ওভারে ৩৯ এবং সুরজ সিন্ধু জয়সওয়াল চারটি মেডেন-সহ ১৩ ওভারে ২৫ রানের বিনিময়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications