Ranji Trophy: কানপুরের উইকেটে কেপ টাউনের ছায়া,উত্তরপ্রদেশকে অল্প রানে আউট করেও চাপে বাংলা
কানপুরের উইকেটে কেপটাউনের ছায়া। রঞ্জি ট্রফিতে বাংলা বনাম উত্তর প্রদেশের বিরুদ্ধে ম্যাচে একদিনে পড়ল ১৫ উইকেট। সবুজ উইকেটে বঙ্গ পেসাররা যেমন দাপট দেখালেন তেমনই দিনের আগুনে বোলিং করলেন উত্তর প্রদেশের ভুবনেশ্বর কুমারও। বোলারদের দাপটে শুরুটা ভালো হলেও বাংলার ব্যাটাররা সেই সুযোগ নিতে ব্যর্থ হলেন।
দিনের শেষ হোক আর শুরু, গ্রিন পার্ক ছিল পেসারদেরই দখলে। কুয়াশার কারণে ম্যাচ প্রায় ঘণ্টা দুয়েক পর শুরু হয় । টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন বঙ্গ অধিনায়ক মনোজ। তাঁর সিদ্ধান্ত যে ভুল হয়নি, তা প্রমাণ করে দিলেনবাংলার পেসাররা। এই ম্যাচেই অভিষেক হল সুরজ সিন্ধ জয়সওয়ালের। আকাশদীপ ভারতীয় এ দলের হয়ে খেলতে যাওয়ায় এই ম্যাচে খেললেন সুরজ সিন্ধ।

গ্রিনপার্ক স্টেডিয়ামের ঘাসে ভরা বাইশ গজে দুই দলের ব্যাটাররাই হাবুডুবু খেলেন। মহম্মদ কাইফের আগুনে পেসের দাপটে মাত্র ৬০ রানেই শেষ হয়ে যায় উত্তর প্রদেশের প্রথম ইনিংস। গ্রিনপার্কে ছোটবেলা থেকে খেলেছেন। বাইশ গজের চরিত্র জানেন। আর তাই সেই অভিজ্ঞতা সম্বল করেই বিপক্ষকে গুঁড়িয়ে দিলেন। ১৪ রানেই নিলেন ৪ উইকেট। এছাড়াও অভিষেক হওয়া সুরজ নিলেন ২০ রানে ৩ উইকেট।ঈশান পোড়েল পেলেন ২৪ রানে ২ উইকেট।
নীতিশ রানা, প্রিয়ম গর্গ, করণ শর্মা, আরিয়ান জুয়াল, সম্রাট সিং কেউই বড় রান করতে পারেনি। উত্তর প্রদেশের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন সম্রাট সিং। এছাড়া আরিয়ান জুয়াল ১১ এবং নীতিশ রানার ১১ রান ছাড়া কোনও উত্তর প্রদেশ ব্যাটার দুই অঙ্কের সংখ্যায় রান করতে পারেনি।
তবে প্রথম দিনের খেলার শেষে বাংলাও মোটেও স্বস্তিতে নেই। বিপক্ষকে কম রানে গুটিয়ে দিলেও, সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ বঙ্গ ব্রিগেড। দলের ওপেনার সৌরভ পাল ১৩ রানে আউট হওয়ার পরে খাতা না খুলেই আউট হন সুদীপ কুমার ঘরামিও। দিনের শেষে বাংলার স্কোর ৫ উইকেটে ৯৫। ওপেনার শ্রেয়স ঘোষ খেললেও ইতিমধ্যেই ভেঙে পড়েছে বাংলার টপ অর্ডার। আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন অধিনায়ক মনোজ তিওয়ারি (৩), অনুষ্টুপ মজুমদার (১২), অভিষেক পোড়েল (১২)।
ভুবনেশ্বর কুমার পেস ও সুইংয়ের উপর ভর করে একাই নিলেন ৫ উইকেট। কিছুদিন আগে কেপটাউনে একদিনে পরেছিল ২৩ উইকেট। কানপুরে পড়ল ১৫ উইকেট। ঘটনা হল, অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে মাত্র ১ পয়েন্ট নিয়ে ফিরেছেন মনোজরা। উত্তর প্রদেশের বিরুদ্ধে সরাসরি না জিতলে চাপ বাড়বে। সেই লক্ষ্যেই নেমেছে বাংলা।












Click it and Unblock the Notifications