IPL 2025: আইপিএলের সময়ও গুরুত্ব দিতে হবে টেস্টের প্রস্তুতিতে, ক্রিকেটারদের নির্দেশ দিতে চলেছে বিসিসিআই
IPL 2025: আইপিএলের সময়ও গুরুত্ব দিতে হবে টেস্টের প্রস্তুতিতে। প্রচলিত রীতিতে ঝাঁকুনি দিয়ে এমনই নির্দেশ ক্রিকেটারদের জন্য পাঠাতে চলেছে বিসিসিআই। ক্রিকবাজের প্রতিবেদনে এমনই উল্লেখ। ইতিমধ্যে দুবাইয়ে এই সংক্রান্ত আলোচনাও হয়েছে।
আইপিএল শেষের থেকে এক মাসও হাতে থাকবে না ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ শুরু হতে। ২০ জুন থেকে হেডিংলিতে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।

এমনিতে বিদেশ সফর, বিশেষ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা ভেবে টেস্ট দলে থাকা ক্রিকেটারদের লাল বলে অনুশীলন করতে দেখা গিয়েছে আইপিএল চলাকালীন। এবার অবশ্য সেই ফাইনালে ভারত ওঠেনি। তবে ইংল্যান্ড সিরিজ রয়েছে।
ইংল্যান্ডে টেস্ট সিরিজ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সংস্করণ শুরু করবে ভারত। ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়কেই অগ্রাধিকার দিচ্ছে বিসিসিআই। ২০১১ সালে ইংল্যান্ডে ০-৪ ব্যবধানে সিরিজ হারে ভারত। ২০১৪ সালে ১-৩ ব্যবধানে হারতে হয়। ২০১৮ সালে ভারত পরাস্ত হয় ১-৪ ব্যবধানে।
২০২১ সালে করোনা পরিস্থিতিতে ভারত-ইংল্যান্ড সিরিজ স্থগিত রাখার সময় ভারত এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। যদিও প্রায় এক বছর পর সিরিজের শেষ টেস্ট ভারত হেরে যায়। সিরিজের ফল ছিল ২-২। নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ পরাজয়কে হাল্কাভাবে নিচ্ছে না বিসিসিআই।
২২ মার্চ থেকে ২৫ মে- দুই মাসের বেশি সময় ধরে চলবে আইপিএল। এই সময়কালে টেস্ট দলের ক্রিকেটাররা যাতে শুধুই সাদা বল নিয়ে মেতে না থাকেন সেটাই নিশ্চিত করতে চলেছে বিসিসিআই। সাধারণত আইপিএলের সময় ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি দলে কী করবেন সে ব্যাপারে নাক গলান না বিসিসিআই কর্তারা। তবে এবার পরিস্থিতি ব্যতিক্রমী।
ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে দুবাইয়ে এ ব্যাপারে কথা হয়েছে বিসিসিআই কর্তাদের। স্ট্র্যাটেজি পুরোপুরিভাবে জানা না গেলেও খবর, আইপিএলের সময় সাদা বলের পাশাপাশি লাল বলেও প্র্যাকটিস চালাতে বলা হবে ক্রিকেটারদের। এই সংক্রান্ত গাইডলাইনও দেওয়া হবে।
টি২০ টুর্নামেন্ট খেলার পাশাপাশি টেস্টের প্রস্তুতি কীভাবে সারতে হবে তা নিয়ে বিসিসিআইয়ের কর্তাদের সঙ্গে কথা যখন হয় তখন হাজির ছিলেন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররাও। ভারত-পাকিস্তান ম্য়াচের ফাঁকে যেমন কথাবার্তা হয়েছে, তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের পর চূড়ান্ত বৈঠকের সম্ভাবনা আছে। বিসিসিআই যে টেস্টকে সিরিয়াসলি নিচ্ছে, ইংল্যান্ড সফরের প্রস্তুতির রূপরেখা তৈরির তৎপরতাতেই তা স্পষ্ট।












Click it and Unblock the Notifications