আইপিএলের মধ্যেই ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিল বিসিসিআই। চলতি বছরের ঘরের মাঠে আয়োজিত হবে একদিনের বিশ্বকাপ। অক্টোবর নভেম্বরে বিশ্বকাপকে মাথায় রেখেই ঘরোয়া ক্রিকেটের সূচি সাজাতে শুরু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
সদ্য অনুষ্ঠিত হওয়া বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আসন্ন মরসুমের ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বোর্ডের পরিকল্পনা অনুযায়ী দলীপ ট্রফি দিয়ে ২০২৪-২৪ ঘরোয়া ক্রিকেট মরশুমের সূচনা হবে।বোর্ডর প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। তারপরেই হবে দেওধর ট্রফি। ২৪শে জুলাই থেকে ৩০শে আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্ট করার চিন্তাভাবনা রয়েছে বিসিসিআইয়ের।
১-৫ অক্টোবরে হতে পারে ইরানি ট্রফির খেলা। রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র খেলবে অবশিষ্ট ভারতীয় দলের বিরুদ্ধে। বিশ্বকাপের মাঝেই হতে পারে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। বোর্ডের প্রাথমিক চিন্তাভাবনা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এই টি টুয়েন্টি টুর্নামেন্ট করা হতে পারে। যেহেতু বেশীরভাগ শহরেই একাধিক ভেন্যু রয়েছে,তাই বিশ্বকাপের মাঝে এই টুর্নামেন্ট করেত অসুবিধা হবে না।
তবে বড় দুটি টুর্নামেন্ট অর্থাৎ বিজয় হাজারে ট্রফি এবং রঞ্জি ট্রফি হবে বিশ্বকাপের পরে। বিসিসিআই আয়োজিত ঘরোয়া একদিনের টুর্নামেন্ট অর্থাত বিজয় হাজারে ট্রফি হতে পারে ২৩শে নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। রঞ্জি ট্রফি শুরু হবে হতে পারে ২০২৪ সালের ৫ই জানুয়ারি থেকে। তা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে ১৪ ই মার্চের মধ্যে।
ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে লাল বলে টুর্নামেন্ট দিয়েই আগামী মরসুম শেষ করতে।করোনার জন্য বেশ কয়েক মরসুম বন্ধ ছিল দেওধর ট্রফি। তিন বছর পর আবার দেওধর ট্রফি ফিরতে চলেছে ভারতীয় ক্রিকেটে। এটি ভারতের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট।
পাশাপাশি বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে মহিলা ক্রিকেটের সূচি এবং বয়স ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু চলতি বছরে বিশ্বকাপের মতো একটা মেগা ইভেন্ট রয়েছে। তাই ঘরোয়া ক্রিকেটের সূচি আগে থেকেই তৈরি করে ফেলতে চাইছে বিসিসিআই।