মিলছে না পর্যাপ্ত হোটেল, সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউট ও ফাইনাল পুনেতে সরাল বিসিসিআই
লজিস্টিক্যাল সমস্যার কারণে সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফির নক আউট পর্বের ম্যাচ ও ফাইনাল ইন্দোর থেকে পুনেতে সরিয়ে নিল বিসিসিআই। এ কথা জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
বর্তমানে টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলি চলছে হায়দরাবাদ, লখনউ, আমেদাবাদ ও কলকাতায়।

এই স্থানান্তরের মূল কারণ মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধ। তারা ম্যাচ আয়োজনের নির্দিষ্ট সময়ে হোটেল রুমের তীব্র অভাবের কথা জানিয়েছিল। আটটি অংশগ্রহণকারী দল, তাদের বিশাল সংখ্যক সাপোর্ট স্টাফ এবং সম্প্রচার কর্মীদের থাকার ব্যবস্থা করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
যে সময় ম্যাচগুলি হওয়ার কথা সেই সময় প্রচুর বিয়ের অনুষ্ঠান এবং ১৩ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে একটি ডাক্তারদের সম্মেলন থাকার ফলে পরিস্থিতি আরও জটিল হয়। শহরের পাঁচতারা হোটেলগুলিতে এত সংখ্যক রুম একসঙ্গে বুক করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।
ঘোষিত সূচি অনুযায়ী, সুপার লিগের খেলাগুলি আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। বিসিসিআই সচিব সাইকিয়া বলেছেন, "আমরা সুপার লিগ পর্বের ভেন্যু ইন্দোর থেকে পুনেতে সরানোর সিদ্ধান্ত নিয়েছি।"
সুপার লিগ পর্বে মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে; প্রতিটি এলিট গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠে আসবে। এই দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হবে এবং এরপর সেরা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। পুনেতে মোট ১৩টি ম্যাচ আয়োজিত হবে, যার মধ্যে ১২টি সুপার লিগের ম্যাচ ও একটি ফাইনাল। এই ম্যাচগুলি গাহুঞ্জে স্টেডিয়াম ও পুরোনো এমসিএ গ্রাউন্ডে খেলা হবে।












Click it and Unblock the Notifications