শ্রেয়স সিডনির হাসপাতালে আইসিইউতে, পাঁজরে চোট লেগে ভিতরে রক্তক্ষরণ, বড় ক্ষতি থেকে বাঁচোয়া
ভারতের একদিনের আন্তর্জাতিক দলের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার ভর্তি রয়েছেন সিডনির হাসপাতালে। জানা যাচ্ছে, তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
শেষ ওডিআইয়ে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরার সময় তিনি পাঁজরে চোট পান। এরপরই নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।

সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, পাঁজরে আঘাতের জায়গায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। সে কারণেই তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পিছন দিকে অনেকটা ছুটে বল তালুবন্দি করেছিলেন শ্রেয়স। তখনই পাঁজরের বাঁদিকে চোট লাগে। যন্ত্রণাকাতর অবস্থাতেই তিনি মাঠ ছেড়েছিলেন।
শনিবারের ওই ম্যাচে ড্রেসিংরুমে ফেরার পরপরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রকে উল্লেখ করে পিটিআই জানাচ্ছে, শ্রেয়স আইসিইউতে আছেন। রিপোর্ট আসার পর অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ে। তখনই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।"
সূত্রের দাবি, রক্তক্ষরণের কারণে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেই খেয়াল রাখছেন চিকিৎসকেরা। তাঁর সুস্থতার উপর নির্ভর করছে তাঁকে কতদিন পর্যবেক্ষণে রাখা হবে। সেই সময়সীমা হতে পারে দুই থেকে সাত দিন পর্যন্ত। ড্রেসিংরুমে ফেরার পর শ্রেয়সের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো ওঠানামা করায় বিসিসিআই মেডিক্যাল টিম শ্রেয়সকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। দলের চিকিৎসক এবং ফিজিও কোনও ঝুঁকি নেননি। এখন অবস্থা স্থিতিশীল, তবে এই চোট মারাত্মক হতে পারতো।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, শ্রেয়স প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। তবে এখন মনে করা হচ্ছে, সুস্থ হতে আরও বেশি সময় লাগতে পারে। যেহেতু অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে, সে কারণেই আরও বেশি সময় লাগতে পারে। এই মুহূর্তে তাঁর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুনির্দিষ্ট সময়সীমা বলা কঠিন।
আরও জানা যাচ্ছে, ভারতে ফেরার জন্য উপযুক্ত ঘোষণা করার আগে অন্তত এক সপ্তাহ সিডনির হাসপাতালে থাকতে হতে পারে। শ্রেয়স অবশ্য টি২০ সিরিজের দলে নেই। বিসিসিআই জানিয়েছে, স্ক্যানে শ্রেয়সের প্লীহাতে ক্ষত ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন, শারীরিকভাবে স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। বিসিসিআই মেডিক্যাল টিম সিডনি এবং ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তাঁর আঘাতের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারতীয় দলের চিকিৎসক শ্রেয়সের প্রতিদিনের অগ্রগতি মূল্যায়নের জন্য তাঁর সঙ্গেই সিডনিতে থাকছেন।












Click it and Unblock the Notifications