BCCI AGM: বিসিসিআইয়ের কোষাগার-স্ফীতিতে অবদান WPL-এর, আইপিএল গভর্নিং কাউন্সিলে পুনর্নির্বাচিত অরুণ-অভিষেক
BCCI AGM: বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা আজ হয়ে গেল গোয়ায়। রজার বিনি বোর্ড সভাপতি হওয়ার পর এটিই ছিল বোর্ডের প্রথম এজিএম। করোনাকালের ধাক্কা কাটিয়ে বোর্ডের কোষাগার স্ফীত হওয়ার বিষয়টি জনসমক্ষে আনা হলো।
চলতি বছরই শুরু হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্ট থেকেও উল্লেখযোগ্য রাজস্ব এসেছে বিসিসিআইয়ের কোষাগারে।

আইসিসি থেকে প্রাপ্ত রাজস্বের ক্ষেত্রেও ৩৮ শতাংশ বৃদ্ধির বিষয়টি জানানো হয়েছে বৈঠকে উপস্থিত জেনারেল বডির সকলকে। দ্বিপাক্ষিক সিরিজ থেকে ম্যাচপিছু প্রায় ৬৭ কোটি টাকা পরবর্তী চক্রের জন্য বোর্ডের কোষাগারে আসবে। সেই বিষয়টিও এদিনের বৈঠকে উঠে এসেছে। তবে তেমন বড় কোনও সিদ্ধান্ত এদিন গ্রহণ করা হয়নি।
আইপিএল গভর্নিং কাউন্সিলে আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল ও অভিষেক ডালমিয়া পুনর্নির্বাচিত হয়েছেন। আইপিএল গভর্নিং কাউন্সিলে থাকছেন না প্রজ্ঞান ওঝা। নতুন কাউকে ক্রিকেটারদের প্রতিনিধি করে সেখানে পাঠাবে আইসিএ। ওম্ডুসম্যান কাম এথিক্স অফিসারের চুক্তির মেয়াদ শেষের কথা আগামী বছর। তিনি কাজ চালিয়ে যাবেন।
নতুন বাজেট এবং বিসিসিআইয়ের লাভের বিষয়টিও এজিএমে অনুমোদিত হয়েছে। তবে এদিনের বৈঠকে জাতীয় নির্বাচকমণ্ডলীতে বদলের বিষয়ে আলোচনা হয়নি। সলিল আঙ্কোলা ও নির্বাচক প্রধান অজিত আগরকর দুজনেই পশ্চিমাঞ্চলের। ফলে সলিলকে সরানো নিয়ে জল্পনা ছিল। বিশ্বকাপের আগে কোনও নির্বাচককে সরানো হবে না বলে জানা গিয়েছে।

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিস শেলার জানান ২০২২-২৩ অর্থবর্ষে বিসিসিআই আয় করেছে ৬,৫৫৮.৮০ কোটি টাকা। যা ২০২১-২২ অর্থবর্ষের (৪,৩৬০.৫৭ কোটি টাকা) চেয়ে ২১৯৮.২৩ কোটি টাকা বেশিয কোভিডের কারণে ২০২১-২২ অর্থবর্ষে মাত্র তিনটি টুর্নামেন্ট করা গিয়েছিল। কিন্তু করোনা পর্ব মেটার পর স্বাভাবিকভাবেই হয়েছে ঘরোয়া ক্রিকেট।
আরও জানা গিয়েছে, মহিলাদের প্রিমিয়ার লিগ থেকে বোর্ডের কোষাগারে এসেছে ৩৭৭.৪৯ কোটি টাকায বিসিসিআই আশাবাদী লাভের পরিমাণ বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।












Click it and Unblock the Notifications