AUS-W vs IND-W: অস্ট্রেলিয়ায় ODI সিরিজ হারল হরমনপ্রীতের ভারত, ওপেনার হিসেবে সফল রিচা
AUS-W vs IND-W: অস্ট্রেলিয়ার কাছে আরও একবার একদিনের সিরিজে পরাস্ত ভারতীয় মহিলা ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে আজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিদের প্রমীলা বাহিনী।
আজ ব্রিসবেনে ছিল দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। অস্ট্রেলিয়ার ২ জন শতরান পেলেন। সেখানে ভারতের একমাত্র রিচা ঘোষ ছাড়া কেউ অর্ধশতরানই পেলেন না।

টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৭১ তোলে অস্ট্রেলিয়া। কেরিয়ারের দ্বিতীয় ওডিআইয়েই শতরান পেলেন ওপেনার জর্জিয়া ভল। তিনি ১২টি চারের সাহায্যে করেন ৮৭ বলে ১০১।
তিনে নামা এলিস পেরি ৭৫ বলে ১০৫ রান করলেন। সাতটি চার ও ৬টি ছয়ের সাহায্যে। আপাতত পেরিই মহিলাদের একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি ৪২টি ছয় হাঁকিয়ে রেকর্ড গড়লেন। ভাঙলেন মেগ ল্যানিংয়ের ৪০টি ছয়ের নজির।
ওপেনার ফোবি লিচফেল্ড ৬৩ বলে ৬০ ও চারে নামা বেথ মুনি ৪৪ বলে ৫৬ রান করেন। ওপেনিং জুটিতেই ওঠে ১৩০ রান। সাইমা ঠাকোর ১০ ওভারে ৬২ রান দিয়ে তিন উইকেট নেন। অভিষেক ম্যাচে মিন্নু মনি ৯ ওভারে ৭১ রান দিয়ে নিলেন ২ উইকেট।
রেণুকা সিং ১০ ওভারে ৭৮, দীপ্তি শর্মা ১০ ওভারে ৫৯ ও প্রিয়া মিশ্র ১০ ওভারে ৮৮ রান দিয়ে ১টি করে উইকেট নিলেন। মহিলাদের একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান দেওয়ার নজির গড়লেন প্রিয়া।
জবাবে খেলতে নেমে ৪৪.৫ ওভারে ২৪৯ রানেই শেষ ভারত। রিচা ঘোষ ওপেন করতে নেমে ৮টি চারের সাহায্যে ৭২ বলে ৫৪ রান করেন। জেমাইমা রডরিগেজ ৪৩, হরমনপ্রীত কৌর ৩৮ রান করেন। মিন্নু মনি অপরাজিত থাকেন ৪৫ বলে ৪৬ রান করে। অ্যানাবেল সাদারল্যান্ড নেন ৪ উইকেট।
১২২ রানে এদিন হারায় ভারতের সিরিজ হারও নিশ্চিত হয়ে গেল। হরমনপ্রীত কৌর বলেন, সামনে বড় টার্গেট থাকলেও কয়েকটি ভালো পার্টনারশিপ হয়েছে। আমরা ইতিবাচকভাবে খেলেছি, বাউন্ডারি মারার চেষ্টা করেছেন ব্যাটাররা। তবে পুরো ৫০ ওভার খেলা উচিত ছিল। কয়েকজন ৪০ পার করলেও অর্ধশতরান বা শতরান হলে ভালো হতো।
হরমনপ্রীতের মতে, বোলিং বিভাগে কিছু ত্রুটি মেরামত করতে হবে। তিনি বলেন, আমরা বোলিংয়ের সময় কিছু সুযোগ তৈরি করেছিলাম। তবে তা কাজে লাগাতে পারিনি। অস্ট্রেলিয়া ভালো ব্যাট করেছে। কৃতিত্ব দিতেই হবে। বোলিং নিয়ে আরও পরিকল্পনা দরকার। ভেবেছিলাম বল বেশি মুভ করবে, সেটাও হয়নি।












Click it and Unblock the Notifications