তিনে তিন! অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ সিরিজ জয় নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া
টানা তিনটি টেস্ট জিতে অ্যাশেজ সিরিজ জয় সুনিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে প্যাট কামিন্সের দল ৮২ রানে হারাল ইংল্যান্ডকে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সংস্করণে ৬টির মধ্যে ৬টিতেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অজিরা।

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮৬ রানে থেমে গিয়েছিল। ট্রাভিস হেডের ২১৯ বলে ১৭০ রানের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ৩৪৯ রান।
জয়ের জন্য ৪৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে আজ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৫২ রানে। জেমি স্মিথ ৬০, উইল জ্যাকস ৪৭ ও ব্রাইডন কার্স অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও নাথান লিয়ঁ তিনটি করে উইকেট দখল করেন। প্রথম ইনিংসে ১০৬ ও দ্বিতীয় ইনিংসে ৭২ রান করার পাশাপাশি ৬টি ক্যাচ ধরে ম্যাচের সেরা হয়েছেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি।
বক্সিং ডে টেস্ট-সহ সিরিজের বাকি দুটি টেস্টে নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আরও একটি ফাইনাল খেলার সম্ভাবনা জোরদার করছে অস্ট্রেলিয়া। তারা ৬টি টেস্টের ৬টিতেই জিতেছে এখনও অবধি, পয়েন্ট ৭২।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এরপর আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড। পাঁচে রয়েছে পাকিস্তান, ছয়ে ভারত।












Click it and Unblock the Notifications