Tanush Kotian: অশ্বিনের পরিবর্ত হিসেবে মেলবোর্ন যাচ্ছেন তনুশ কোটিয়ান, ভারতীয় টেস্ট দলে মুম্বইয়ের অলরাউন্ডার
Tanush Kotian: রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্ত হিসেবে ভারতীয় দলে সুযোগ পেলেন তনুশ কোটিয়ান। তিনি দ্রুত মেলবোর্ন পৌঁছে যাচ্ছেন।
ডিসেম্বরের ২৬ তারিখ থেকে শুরু বক্সিং ডে টেস্ট। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে কোটিয়ানকে নামিয়ে ভারত চমক দেবে কিনা তা নিয়ে চলছে চর্চা।

মেলবোর্ন ও সিডনিতে স্পিনাররা সাফল্য পান। ফলে ভারত যদি দুই স্পিনারে নামে তাহলে রবীন্দ্র জাদেজার সঙ্গে ওয়াশিংটন সুন্দরেরই জুটি বাঁধার সম্ভাবনা। আবার অচেনা তনুশ কোটিয়ানকে নামিয়ে দিয়ে ভারত অস্ট্রেলিয়ার রণকৌশলে ধাক্কা দিতে চাইবে কিনা সেটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
রবিচন্দ্রন অশ্বিন ব্রিসবেন টেস্টের পরই অবসর নিয়েছেন। কোটিয়ানকে অশ্বিনের পরিবর্ত হিসেবে টেস্ট দলে নেওয়ার কথা রাতে জানায় বিসিসিআই। মুম্বই দলের সঙ্গে থাকা অবস্থাতেই মেলবোর্ন পাড়ি দেওয়ার বার্তা পান। আমেদাবাদ থেকে দ্রুত মুম্বই ফিরে তাঁকে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিমান ধরতে বলা হয়েছে।
সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তনুশ কোটিয়ান। ফলে ভিসা নিয়ে কোনও জটিলতায় তাঁকে পড়তে হবে না। ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচে বছর ছাব্বিশের তনুশ কোটিয়ান ১৫২৫ রান করেছেন। গড় ৪১.২১। ১০১টি উইকেট নিয়েছেন, ২৫.৭০ গড়ে।
গত মরশুমে মুম্বই রঞ্জি চ্যাম্পিয়ন হয়, কোটিয়ান প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পান। গত মরশুমের রঞ্জিতে তনুশ ৪১.৮৩ গড়ে ৫০২ রান করার পাশাপাশি ১৬.৯৬ গড়ে ২৯ উইকেট নেন। মেলবোর্নে খেলার অভিজ্ঞতা রয়েছে তনুশের। তিনি ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে আটে নেমে ৪৪ রানের ইনিংস খেলেন।
চলতি বছর আইপিএলে তিনি একটি ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে ২৪ রান করেন। বোলিং করার সুযোগ পাননি। এবারের আইপিএল নিলামে তিনি দল পাননি।












Click it and Unblock the Notifications