AUS vs IND: অস্ট্রেলিয়ায় মহাকীর্তি থেকে এক ধাপ দূরে নীতীশ, সুন্দরকে নিয়ে শতরানের পার্টনারশিপে একাধিক নজির
AUS vs IND: অস্ট্রেলিয়ায় চলতি সিরিজে মহাকীর্তির দোরগোড়ায় নীতীশ কুমার রেড্ডি। সেজন্য দরকার আর একটি ছক্কা। ইতিমধ্যেই তিনি ছুঁয়ে ফেললেন মাইকেল ভন ও ক্রিস গেইলকে।
মেলবোর্নে সামান্য বৃষ্টি নামায় নির্ধারিত সময়ের আগেই নেওয়া হয় চা বিরতি। তৃতীয় সেশনের খেলা শুরু হয় কিছুটা দেরিতে।

নীতীশ এদিন একটিই ছক্কা মেরেছেন। তাতে চলতি সিরিজে তাঁর ছক্কার সংখ্যা হলো ৮। অস্ট্রেলিয়ায় টেস্টে সফররত দলের ব্যাটারদের মধ্যে নীতীশ আপাতত যুগ্মশীর্ষে। ২০০২ সালের সফরে ইংল্যান্ডের মাইকেল ভন ৫টি টেস্টে ৮টি ছয় মেরেছিলেন। ২০০৯ সালের সফরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ৩টি টেস্টে মারেন ৮ ছক্কা। নীতীশ খেলছেন চতুর্থ টেস্ট।
২০২৪-২৫ মরশুমের শুরুতে চেন্নাই টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ৩৭৬ করেছিল ভারত। তারপর এই প্রথম কোনও টেস্টের প্রথম ইনিংসে ভারত তিনশো রানের গণ্ডি স্পর্শ করল। নিউজিল্যান্ড সিরিজ থেকে আজকের আগে অবধি ভারত টানা ৬টি টেস্টে প্রথম ইনিংসে তিনশো তুলতে পারেনি।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী. ১৯৫৯-৬০ মরশুমে ১০টি টেস্টে, ১৯৩৬ থেকে ১৯৪৬-এ টানা ৯টি টেস্টে ও ১৯৫৮-৫৯ মরশুমে ভারত টানা সাতটি টেস্টে প্রথম ইনিংসে তিনশো তুলতে ব্যর্থ হয়। মেলবোর্ন টেস্টের আগে বিগত ৬টি টেস্টের মধ্যে চারটিতে ভারতের প্রথম ইনিংস ৫০ ওভারও টেকেনি। কেপ টাউন টেস্ট ধরলে সংখ্যাটি ৫, যা কোনও ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক।
নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং দেখিয়ে দিল পিচে কোনও জুজু নেই। ঋষভ পন্থ দায়িত্বজ্ঞানহীন, সুনীল গাভাসকরের ভাষায় স্টুপিড শট খেলে উইকেট না ছুড়ে দিলে ভারত আরও ভালো জায়গায় থাকতেই পারতো। নীতীশ আটে নেমে যে ইনিংস খেললেন তাতে তাঁকে এবার থেকে পাঁচে খেলানোর দাবিও উঠেছে।
নীতীশ এদিনও ভারতীয় ইনিংসে সর্বাধিক স্কোর করেছেন। চার টেস্টে এই নিয়ে চতুর্থবার। পারথে প্রথম টেস্টে প্রথম ইনিংসে তিনি দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন। দ্বিতীয় ইনিংসে চতুর্থ সর্বাধিক। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই দলের মধ্যে সর্বাধিক রান করেন অন্ধ্রের নীতীশ। মেলবোর্ন টেস্টেও প্রথম ইনিংসে তাঁর রানই ভারতীয়দের মধ্যে সর্বাধিক।












Click it and Unblock the Notifications