AUS vs IND: ভারতের বিরুদ্ধে পারথ টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, ওপেন করবেন ম্যাকসুইনি
AUS vs IND: ভারতের বিরুদ্ধে ২২ নভেম্বর থেকে পারথে প্রথম টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। সেই টেস্টের জন্য ১৩ সদস্যের অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন নাথান ম্যাকসুইনি।
ভারতীয় এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের অধিনায়ক ম্যাকসুইনি প্রথম টেস্টে ওপেনও করবেন। সঙ্গী হবেন উসমান খোয়াজার।

ব্রিসবেনের কুইন্সল্যান্ডে জন্ম। বছর পঁচিশের ম্যাকসুইনি অলরাউন্ডার হিসেবেই খেলেন। ৩৪টি প্রথম শ্রেণির ম্য়াচে ৬টি শতরান ও ১২টি অর্ধশতরান-সহ ২২৫২ রান করেছেন। সেই সঙ্গে ৩০টি ইনিংসে বোলিং করে ১৮টি উইকেট নিয়েছেন অফ-স্পিনার ম্যাকসুইনি।
স্টিভ স্মিথ ওপেনিংয়ের পরিবর্তে চারে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ম্যাকসুইনির সঙ্গেই ওপেনারের দৌড়ে ছিলেন স্যাম কনস্টাস, মার্কাস হ্যারিস। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় এ দলের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টেই প্রথমবার ওপেন করতে নেমেছিলেন ম্যাকসুইনি।
দুই ইনিংসে ১৪ ও ২৫ রান করলেও হ্যারিসকে পিছনে ফেলে টেস্ট দলে জায়গা করে নিলেন ম্যাকসুইনি। নির্বাচক জর্জ বেইলি ভারতীয় এ দলের বিরুদ্ধে ম্যাচ শেষের পর টেস্ট দলে সুযোগের কথা জানান ম্যাকসুইনিকে। শিল্ড খেলার অভিজ্ঞতা, সেই সঙ্গে ভারতীয় এ দলের হয়ে খেলার ফলে তিনি তৈরি বলেও জানিয়েছেন। মনে করছেন, কেরিয়ারের সেরা ফর্মেই আছেন।
জোরে বোলারদের মধ্যে টেস্টের একাদশে থাকবেন অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। স্কট বোলান্ড ভারতীয় এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের হয়ে খেলেছিলেন। তাঁকেও টেস্ট দলে রাখা হয়েছে, ব্যাক-আপ বোলার হিসেবে। শেফিল্ড শিল্ডে ভালো ফর্মে থাকার কারণে সুযোগ পেলেন জশ ইনগ্লিসও।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল- প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইনগ্নিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ঁ, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।












Click it and Unblock the Notifications