AUS vs IND: বুমরাহকে ভোগাচ্ছে কাফের ক্র্যাম্প! ইমরানকে টপকে মেলবোর্নে মহাকীর্তি ভারতীয় পেসারের
AUS vs IND: মেলবোর্ন টেস্টে তৃতীয় সেশনে ভারতকে লড়াইয়ে ফেরালেন জসপ্রীত বুমরাহ। তৃতীয় সেশনে পড়া তিনটির মধ্যে ২টি উইকেটই তিনি দখল করেছেন।
এরই ফাঁকে মেলবোর্নে টেস্টে এশিয়ার ক্রিকেটারদের মধ্যে সফলতম বোলারের শিরোপা আদায় করে নিলেন বুমরাহ। তবে তাঁর ফিটনেস নিয়েও দেখা দিচ্ছে সংশয়।

অস্ট্রেলিয়ার ইনিংসের ৭৫তম ওভারের শেষে দেখা যায় বাঁ পায়ের কাফ মাসলে সমস্যা অনুভব করছেন বুমরাহ। ফিজিওকে ডেকে শুশ্রূষাও নেন। এরপরই তিনি মাঠের বাইরে চলে যান। মনে করা হচ্ছে, মেলবোর্নের প্রবল গরমে বুমরাহর কাফ মাসলে ক্র্যাম্পের সমস্যা দেখা দিয়েছে।
অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নামার পর বোলিং ওপেন করেন বুমরাহ। প্রথম ওভারটি ছিল মেডেন। যদিও স্যাম কনস্টাসের দাপটে কিছুটা ব্যাকফুটে চলে যান বুমরাহ। একটি ওভারে ১৪, তারপর ১৮ রানও দেন। টেস্টে কোনও ওভারে সর্বাধিক রান দেওয়ার নজিরও এদিন গড়েন বুমরাহ।
ফলে বুমরাহকে সরাতে বাধ্য হন রোহিত শর্মা। কনস্টাস আউট হওয়ার পর কয়েকটি স্পেলে রোহিত বল করান বুমরাহকে দিয়ে। একটা সময় যেখানে ছয়ের উপর ইকনমি চলে গিয়েছিল, সেটাই নেমে এসেছে ৩.৫৫-এ। এখনও অবধি বুমরাহ ৭টি মেডেন-সহ ১৮ ওভারে ৬৪ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।
বুমরাহ এদিন ফেরান উসমান খোয়াজাকে। চলতি সিরিজে পঞ্চমবার। খোয়াজা বাউন্ডারি মারার চেষ্টা করতে গিয়ে সহজ ক্যাচ দেন লোকেশ রাহুলের হাতে। ১২১ বলে ৫৭ রান করেন তিনি। এরপর বুমরাহর বলে জাজমেন্ট দিতে গিয়ে বোল্ড হন ট্রাভিস হেড।
হেড এই প্রথম ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে শূন্য রানে আউট হলেন। ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এই প্রথম তিনি ভারতের বিরুদ্ধে টেস্টে দুই অঙ্কের রান পেলেন না। হেডকে আউট করার পর বুমরাহর সেলিব্রেশনের দৃশ্য ভাইরাল হয়েছে।
খোয়াজার উইকেট নিয়ে এমসিজিতে অনিল কুম্বলের সর্বাধিক টেস্ট শিকারের নজিরকে পিছনে ফেলে দেন বুমরাহ। ধরে ফেলেছিলেন ইমরান খানকে। মেলবোর্নে টেস্টে ইমরান খানের উইকেট-সংখ্যা ১৬। যা এতদিন এশিয়ার ক্রিকেটারদের মধ্যেও এই স্টেডিয়ামে সর্বাধিক উইকেট দখলের নজির ছিল।
হেডকে আউট করতেই ইমরানের কীর্তি ভেঙে দেন বুমরাহ। মেলবোর্নে টেস্টে তিনিই ভারত তথা এশিয়ার সর্বাধিক উইকেটশিকারী। এরপর মিচেল মার্শ ১৩ বলে ৪ রান করে কট বিহাইন্ড হতেই এমসিজিতে টেস্টে ১৮তম শিকারটি ঝুলিতে পুরে ফেলেন বুমরাহ। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর উইকেট-সংখ্যা আপাতত ২৪।
এমসিজিতে টেস্টে ১৮টি করে উইকেট রয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিং, অস্ট্রেলিয়ার জেমস প্যাটিনসন, ইংল্যান্ডের জন স্টাথাম, ইয়ান বোথাম ও অস্ট্রেলিয়ার রিচি বেনো। জেমস অ্যান্ডারসন-সহ অনেকেই থেমেছেন ১৭ উইকেটে।












Click it and Unblock the Notifications