AUS vs IND: অনুশীলনের পিচ নিয়ে বিরাট বৈষম্য, মেলবোর্নে ম্যাচের আগেই শুরু অস্ট্রেলিয়ার মাইন্ড গেম
ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর হবে আর তাতে কোনও কোনও বিতর্ক হবে না! তাই হয় নাকি। মেলবোর্নে আসার পর থেকেই অজি মিডিয়ার সঙ্গে বিতর্কে জড়িয়েছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা। এবার বিতর্ক নতুন মোড় নিল। ভারতীয় দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ উঠল। বিতর্কের কেন্দ্রবিন্দুতে অনুশীলনের পিচ।
শনিবার থেকেই বক্সিং ডে টেস্টের অনুশীলন শুরু করে দিয়েছে ভারত। রবিবারও পুরো দমে অনুশীলন করেন ভারতীয় দলের সদস্যরা। প্রায় দু'ঘণ্টার বেশি সময়ে অনুশীলনে ব্যাটারদের আগ্রাসী মেজাজে দেখা গিয়েছিল। দুই দিনের কঠোর অনুশীলনের পর সোমবার ক্রিকেটারদের ছুটি দেন কোচ গৌতম গম্ভীর। এদিকে সোমবার থেকেই বক্সিং ডে টেস্টের অনুশীলন শুরু করে অস্ট্রেলিয়া দল। দুটি দলের অনুশীলন পিচের মধ্যে পার্থক্য অনেকটাই।

যদিও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিট কিউরেটর দাবি করেছেন, নতুন পিচ অনুশীলনের জন্য ম্যাচের তিন দিন আগেই শুধুমাত্র দেওয়া হয়। তিনি বলেছেন, আমরা ভারতীয় দলের অনুশীলনের সূচি আগেই পেয়েছিলাম কিন্তু ম্যাচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উইকেট তিন দিন আগেই শুধুমাত্র দলগুলিকে অনুশীলেনর জন্য দেওয়া হয়, এটাই নিয়ম। সেই নিয়মই মানা হয়েছে।
শুধু পিচ নিয়ে ভারতীয় শিবিরে ক্ষোভের আরও কারণ আছে। ভালো নেট বোলারও নেওয়া হচ্ছে না। ভারতীয় দলের রিজার্ভ বোলারদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে শেষ দুটি ম্যাচে বেশি করে নেট বোলার প্রয়োজন পরছে ভারতের। কিন্তু অস্ট্রেলিয়া ম্যানেজমেন্টের পক্ষ থেকে ভারতীয় দলের অনুশীলনে যে নেট বোলার দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত মানের নয় বলেই অভিযোগ উঠেছে।
রবিবার অনুশীলনে রোহিতের হাঁটুতে চোট লাগে। নেটের পাশে বসে ভারত অধিনায়ককে পায়ে আইসপ্যাক লাগাতেও দেখা গিয়েছে। এই ছবিও উদ্বেগের সৃষ্টি করেছে ভারতীয় শিবিরে। কি্ন্তু পরে আকাশ দীপ জানিয়ে দেন রোহিতের চোট নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।
তিনটি ম্যাচ শেষে সিরিজের ফল এখন ১-১। পারথে প্রথম টেস্ট ম্যাচ জিতলেও, অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে হারের মুখ দেখতে হয়েছে। গাব্বায় তৃতীয় টেস্ট হারের মুখ থেকে ড্র করেছে ভারত। এবার মেলবোর্নে কঠিন পরীক্ষার মুখে ভারত।












Click it and Unblock the Notifications