AUS vs IND: রোহিতের চোটের নেপথ্যে বড় ষড়যন্ত্র? মেলবোর্নে প্র্যাকটিস পিচ নিয়ে ভারতের তীব্র অসন্তোষ
AUS vs IND: মেলবোর্নে বৃহস্পতিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টের আগে আজ অবশ্য ভারত অনুশীলন করেনি।
তারই মধ্যে নয়া বিতর্ক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের প্র্যাকটিস পিচ নিয়ে। যা নিয়ে ভারতীয় দলে তীব্র অসন্তোষ।

রোহিত শর্মা গতকাল প্র্যাকটিসে দয়ানন্দ গরানিকে নিয়ে থ্রোডাউন সামলাচ্ছিলেন। হঠাৎই তাঁর হাঁটুতে গিয়ে বল লাগে। যার জেরে কয়েকটি থ্রোডাউন সামলেই রোহিত যন্ত্রণাকতর অবস্থায় গিয়ে চেয়ারে বসেন। পায়ে লাগানো হয় আইসপ্যাক।
জানা গিয়েছে, রোহিতকে রাতেও পায়ে বরফ লাগিয়ে থাকতে হয়েছে। ভারতীয় শিবির সূত্রে খবর, টেস্ট খেলার ক্ষেত্রে তাঁর অসুবিধা হওয়ার কথা নয়। তবে রোহিতের চোট লাগার নেপথ্যে কাঠগড়ায় তোলা হচ্ছে প্র্যাকটিস পিচকেই। বাউন্সের তারতম্যতেই ওইভাবে বল রোহিতের পায়ে লেগেছিল।
ভারতীয় দল কবে, কখন অনুশীলন করবে তা মাস দুয়েক আগেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরও প্রত্যাশিত পিচ কেন দেওয়া হলো না, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভারতীয় দলের সূচি জানলেও দুই দেশের বোর্ডের মধ্যে কী কথা হয়েছে তা জানেন না এমসিজির কিউরেটর ম্যাট পেজ।
ভারতীয় দলকে গতকাল যে পিচে অনুশীলন করতে দেওয়া হয়েছিল তা আগে ব্যবহার করা হয়েছে। সে কারণেই অনিয়মিত বাউন্স সমস্যা তৈরি করেছে। ফ্রেশ প্র্যাকটিস উইকেট থাকা সত্ত্বেও গতকাল তা কেন ভারতকে দেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে।
যদিও এমসিজির কিউরেটরের দাবি, নিয়ম মেনেই সব করা হয়েছে। টেস্ট শুরুর তিন দিন আগেই ফ্রেশ পিচ দেওয়া নিয়ম। ভারত যদি আজ অনুশীলন করতো তাহলে নতুন প্র্যাকটিস পিচই পেত বলে দাবি তাঁর। এমনকী ফ্রেশ প্র্যাকটিস পিচের সঙ্গে সেন্টার উইকেটের চরিত্রের মিলও থাকে বলা জানা যাচ্ছে।
এমসিজির পিচে ৬ মিলিমিটারের ঘাস থাকলেও ব্রিসবেনের মতো বাউন্স বা সিম মুভমেন্ট থাকবে না বলেই দাবি কিউরেটরের। সাত বছর আগে এখানে পাটা উইকেট হতো। কিন্তু উপভোগ্য দ্বৈরথের জন্যই পিচের চরিত্র বদল হয়েছে।
এমসিজির কিউরেটর বলছেন, স্পিনাররা উইকেট যেমন ভাঙা প্রত্যাশা করেন তেমনটা হবে না। স্পিনারদের চেয়ে সিমাররাই বেশি সহায়তা আদায় করবেন। পিচ দেখে পেসাররা খুশিই হবেন। আবার নতুন বল সামলে নিতে পারলে কিছু পরেই পিচ ব্যাটিংয়ের পক্ষে সহায়ক হয়ে যাবে। সবমিলিয়ে উত্তেজক টেস্ট মঞ্চ উপহার দেওয়ার লক্ষ্যেই তৈরি হয়েছে এমসিজির পিচ।












Click it and Unblock the Notifications