AUS vs IND: কনস্টাসের দাদাগিরিতে ব্যাকফুটে বুমরাহ, অস্ট্রেলিয়ার ওপেনারের টক্কর বিরাট-সিরাজের সঙ্গেও
AUS vs IND: অস্ট্রেলিয়া ঠিক যেটা চাইছিল, সেটাই করে দেখালেন স্যাম কনস্টাস। অভিষেক টেস্টে আগ্রাসী ব্যাটিংয়ে তিনি মনে করালেন ডেভিড ওয়ার্নারকে।
মেলবোর্ন টেস্টের প্রথম ঘণ্টাতেই চাপে ভারতীয় বোলিং। প্রথম দুই ওভার মেডেন যায়। কিন্তু তারপরই ক্রমে দাপট দেখাতে শুরু করেন স্যাম কনস্টাস।

চলতি সিরিজে এদিনই প্রথম ওপেনিং জুটিতে সর্বাধিক রান তুলল অস্ট্রেলিয়া। তার পিছনে বড় ভূমিকা স্যাম কনস্টাসের আগ্রাসী ব্যাটিংয়ের। ১৯ বছরের এই ওপেনারকে দেখে মনেই হয়নি অভিষেক টেস্ট খেলতে নেমেছেন। তারই মধ্যে ঘটালেন নজিরবিহীন কাণ্ড।
জসপ্রীত বুমরাহকে অনেকদিন পর চাপে ফেললেন কনস্টাস। যে বুমরাহ চলতি সিরিজে সর্বাধিক উইকেট দখল করেছেন, ঈর্ষণীয় ইকনমি, তাঁকেই চাপে ফেললেন কনস্টাস। অস্ট্রেলিয়ার ইনিংসের ২.৫ ওভারে প্রথমবার রিভার্স স্কুপ মারতে গেলেন।
ইএসপিএনক্রিকইনফোর তথ্য বলছে, ২০১৪ সাল থেকে কোনও টেস্টে কোনও ব্যাটারের এত তাড়াতাড়ি স্কুপ, রিভার্স স্কুপ বা রিভার্স স্যুইপ খেলা এই প্রথম। সম্প্রতি রাওয়ালপিন্ডি টেস্টে চতুর্থ ওভারের শেষ বলে পাকিস্তানের নোমান আলির ডেলিভারিতে রিভার্স স্যুইপ মারেন ইংল্যান্ডের বেন ডাকেট। গত বছর লর্ডসে স্টুয়ার্ট ব্রডের বলে প্যাডেল স্কুপ মারেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, সেটি ছিল ৫.২ ওভারে।
কনস্টাসের মধ্যে অনেকে ডেভিড ওয়ার্নারের ব্যাটিং অ্যাপ্রোচ বা মার্নাস লাবুশেনের ছায়া দেখছেন। এদিন তিনি ২.৫ ওভারে এবং ৪.৩ ওভারে রিভার্স স্কুপ মারতে গিয়ে সফল হননি। দ্বিতীয়বারের প্রয়াস দেখে বিরাট কোহলির মুখেও অবাক হওয়ার অভিব্যক্তি ধরা পড়ে। শেষে তৃতীয়বারের প্রয়াসে ৬.২ ওভারে স্কুপ মারতে সফল হন কনস্টাস।
AUDACIOUS is an understatement! 🙌🏻#JatinSapru & #IrfanPathan reacting on #SamKonstas' reverse scoop attempt off #JaspritBumrah is a pure Comm Gold! 🗣️#AUSvINDOnStar 👉 4th Test, Day 1 LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/QhbSYYbVLG
— Star Sports (@StarSportsIndia) December 26, 2024
জসপ্রীত বুমরাহ নিজের চতুর্থ ওভারটি করতে গিয়েছিলেন। তার আগে ৩ ওভারে ২টি মেডেন, ২ রান খরচ করেছিলেন। অস্ট্রেলিয়ার ইনিংসের সপ্তম ওভারে বুমরাহর প্রথম বলে স্কুপে চার মারার পরের বলেই রিভার্স স্কুপে ছক্কা হাঁকান কনস্টাস। পঞ্চম বলে রিভার্স স্কুপে পান আরেকটি চার। বুমরাহ এই ওভারে দেন ১৪ রান।
দশম ওভারের চতুর্থ বলে স্টেপ আউট করে শট খেলতে গিয়ে পরাস্ত হন কনস্টাস। মহম্মদ সিরাজ তাঁকে কিছু বলেন। এর পরের বলেই তিনি চার মারেন। শেষ বলে নেন ১ রান। এই ওভারের শেষে কনস্টাসের সঙ্গে ধাক্কা লাগে বিরাট কোহলির। কাঁধের টক্করে কথার টক্করও শুরু হয়।
This is pure #ToughestRivalry vibes! 🥶#AUSvINDOnStar 👉 4th Test, Day 1 LIVE NOW! | #BorderGavaskarTroph pic.twitter.com/7m2ilANuu5
— Star Sports (@StarSportsIndia) December 26, 2024
কনস্টাসকে বিরাট কোহলি কিছু বলেন, পাল্টা কথা শোনাতে দেখা যায় অজি ওপেনারকেও। উসমান খোয়াজা ও আম্পায়াররা এগিয়ে যান। এর পরের ওভারেই বুমরাহর বলে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান কনস্টাস। প্রথম বলে মারেন চার। চতুর্থ বলে ছয়, পঞ্চম বলে চার। সবমিলিয়ে ১৮ রান নেন কনস্টাস।
অভিষেক টেস্টে ৫২ বলে অর্ধশতরান পূর্ণ করেন কনস্টাস। জলপানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৬ ওভারে বিনা উইকেটে ৮৩। জসপ্রীত বুমরাহকে সরিয়ে আকাশ দীপকে আক্রমণে এনেছেন রোহিত শর্মা। বুমরাহ ২টি মেডেন-সহ ৬ ওভারে ৩৮ রান দিয়েছেন, ইকনমি ৬.৩৩।
অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙল ১৯.২ ওভারে ৮৯ রানে। রবীন্দ্র জাদেজার তৃতীয় ওভারের দ্বিতীয় বলে কনস্টাস লেগ বিফোর হন। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি করলেন ৬৫ বলে ৬০। আগ্রাসী ব্যাটিং, সেই সঙ্গে দর্শকদের দিকে ইশারা করে আরও জোরে আওয়াজ করে সমর্থনের আহ্বান জানিয়ে প্রথম সেশনের নায়ক কনস্টাসই।












Click it and Unblock the Notifications