AUS vs IND: মেলবোর্ন টেস্টে টস জিতে ব্যাটিং অস্ট্রেলিয়ার, গিলের জায়গায় এলেন সুন্দর, রোহিত টপ অর্ডারে
AUS vs IND: মেলবোর্নে আজ থেকে শুরু বক্সিং ডে টেস্ট। টস জিতে ব্যাটিং নিল অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানালেন, তিনিও টস জিতলে ব্যাটিংই নিতেন।
ভারতীয় দলে একটি পরিবর্তন। শুভমান গিলের জায়গায় এলেন ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন।

আজ ম্যাচ শুরুর আগের ট্রেনিংয়েই আভাস মিলেছিল শুভমান গিলের বাদ পড়ার। যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দরদের প্র্যাকটিসে দেখা গেলেও ছিলেন না গিল। অবশেষে টসের পর তাঁর বাদ পড়ার কথা জানালেন রোহিত।
রোহিত শর্মার নাম টিম লিস্টে তিন নম্বরে রয়েছে। যদিও রবি শাস্ত্রীর সঙ্গে টসের পর কথা বলার সময় রোহিত জানালেন, তিনি টপ অর্ডারে নামবেন। ইঙ্গিত ওপেন করারই। সিরিজ ১-১ রেখে বক্সিং ডে টেস্ট খেলতে নামছে ভারত। দলের পারফরম্যান্সে খুশি রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছয় মারার নজির রয়েছে বীরেন্দ্র শেহওয়াগের। তিনি ভারতের হয়ে ৯০টি ও আইসিসি বিশ্ব একাদশের হয়ে টেস্টে ১টি ছয় মেরেছেন। ফলে ভারতের হয়ে টেস্টে সর্বাধিক ছয় মারার বীরুর নজির স্পর্শ করতে রোহিত শর্মার দরকার ২টি ওভার বাউন্ডারি।
বিরাট কোহলি সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই মাঠে টেস্ট-সহ অন্য ফরম্যাটেও বেশ কিছু স্মরণীয় স্মৃতি রয়েছে। এমসিজিতে বক্সিং ডে টেস্ট স্পেশ্যাল। দুই দলই জিততে মুখিয়ে থাকবে। আমাকে আরও বেশি শৃঙ্খলা দেখাতে হবে। আগের চেয়ে উইকেট এবার বেশি প্রাণবন্ত। মাঠে নেমে চোট সেট করে যতটা সম্ভব বেশি বল খেলাই লক্ষ্য।
ভারত চলতি সিরিজে এই প্রথম দুই স্পিনার নিয়ে নামল। রবীন্দ্র জাদেজার সঙ্গী ওয়াশিংটন সুন্দর। দলে জায়গা ধরে রাখলেন সিম বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। পারথ টেস্টে চোটের কারণে খেলতে পারেননি গিল। সেই টেস্টে খেলেছিলেন সুন্দর। তিনি দলে ফিরলেন। খারাপ ফর্মের কারণে সেরা কম্বিনেশন বাছতে গিয়েই বাদ গিল। অস্ট্রেলিয়া দলে ওপেনার স্যাম কনস্টাসের অভিষেক হচ্ছে। জশ হ্যাজলউডের জায়গায় খেলছেন স্কট বোল্যান্ড।
ভারত- যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া- উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।












Click it and Unblock the Notifications