AUS vs IND: দিন-রাতের টেস্টে সফলতম বোলারকে বাইরে রেখেই নামবে ভারত? বুমরাহ নজির গড়ার অপেক্ষায়
AUS vs IND: ভারত আজ ক্যানবেরায় গোলাপি বলে দিন-রাতের যে প্রস্তুতি ম্য়াচ খেলল তাতে নামানো হয়নি রবিচন্দ্রন অশ্বিনকে। অ্যাডিলেডে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার মধ্যে একজনই খেলবেন।
এই দুজনেই আজ ভারতীয় দলের হয়ে হাত ঘোরালেন, ব্যাটিং করলেন। ফলে স্পষ্ট হয়ে গেল ভারত অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে দলের সেরা পারফর্মারকে বাইরে রেখেই নামবে।

আজ অবধি ভারত চারটি ডে-নাইট টেস্ট খেলেছে। একটি অ্যাডিলেডে। বাকিগুলি কলকাতা, আমেদাবাদ ও বেঙ্গালুরু। সব কটি দিন-রাতের টেস্টেই খেলেছেন অশ্বিন। তিনি মোট ১৮টি উইকেট নিয়েছেন গোলাপি বলের টেস্টে।
অক্ষর প্যাটেল দিন-রাতের টেস্টে মোট ১৪টি উইকেট ঝুলিতে পুরেছেন। উমেশ যাদবের রয়েছে ১১টি উইকেট। ইশান্ত শর্মার গোলাপি বলের টেস্টে উইকেট-সংখ্যা ১০টি। জসপ্রীত বুমরাহ-র রয়েছে ১০ উইকেট। ফলে তিনি ইশান্ত, উমেশ, এমনকী অক্ষরকেও টপকে যেতে পারেন।
অশ্বিনের কীর্তি ভাঙতে বুমরাহর দরকার ৯ উইকেট। সেটিও অসম্ভব কিছু নয়। ফলে অশ্বিন যদি অ্যাডিলেডে না খেলেন, তাহলে গোলাপি বলের টেস্টে ভারতের হয়ে সর্বাধিক উইকেটশিকারীর তকমাও হারাতে পারেন অশ্বিন। বুমরাহ গড়তেই পারেন নয়া কীর্তি।
মহম্মদ শামির দিন-রাতের টেস্টে চারটি উইকেট রয়েছে। ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার রয়েছে ১টি করে উইকেট।
২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার দিন-রাতের টেস্ট ইডেনে খেলে ভারত। সেই টেস্টে প্রথম ইনিংসে ইশান্ত ৫টি, উমেশ তিনটি, শামি ২টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ইশান্ত নেন চারটি, উমেশ পাঁচটি। জাদেজা ২ ইনিংসে ও অশ্বিন দ্বিতীয় ইনিংসে হাত ঘোরালেও উইকেট পাননি।
২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে উমেশ ৩টি, বুমরাহ ২টি, অশ্বিন চার উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে একমাত্র উইকেট অশ্বিন নেন। প্রথম ইনিংসে শামি উইকেট পাননি।
২০২২ সালে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ইশান্ত ১টি, অশ্বিন তিনটি উইকেট নেন। ৬টি মেডেন-সহ ২১.৪ ওভারে ৩৮ রান দিয়ে ছয় উইকেট নেন অক্ষর। যা দিন-রাতের টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার।
দ্বিতীয় ইনিংসে অক্ষর ১৫ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন। দুই ইনিংসে ১১ উইকেট দিন-রাতের টেস্টে আর কোনও ভারতীয় বোলার পাননি। অশ্বিন দ্বিতীয় ইনিংসে চারটি ও ওয়াশিংটন সুন্দর একটি উইকেট নিয়েছিলেন।
২০২২ সালে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার দিন-রাতের টেস্ট খেলেছে ভারত। বুমরাহ প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট নেন। অশ্বিন ও শামি নেন ২টি করে। ১টি উইকেট পান অক্ষর। জাদেজা উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে বুমরাহ তিনটি, অশ্বিন চারটি, জাদেজা ১টি ও অক্ষর ২ উইকেট নেন। শামি দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি।












Click it and Unblock the Notifications