AUS vs IND: রোহিতকে কড়া বার্তা নির্বাচকদের! সিডনি টেস্টের পরেই ঠিক হবে বিরাট-জাদেজার ভবিষ্যৎ
বর্তমানে ভারতীয় দল রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। সিনিয়র ক্রিকেটাররা বিদায় নিচ্ছেন অন্যদিকে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। আগেই রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছেন, সিডনিতে দলে সুযোগ হয়নি রোহিত শর্মার। জল্পনা চলছে তিনি মেলবোর্নেই শেষ টেস্ট খেলে ফেলেছেন কিনা। এরইমধ্যে আরও দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে চর্চা তুঙ্গে।
সিডনিতে ক্রিকেট থেকে রোহিতের অবসর নিয়ে জল্পনা প্রবল। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে দলে জায়গা হয়নি রোহিতের। সাম্প্রতিক সময়ে খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন। অধিনায়কত্ব এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই ফ্লপ। ফলে রোহিত যেন হয়ে উঠছিলেন দলের বোঝা। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিডনি টেস্টের পর অবসর না নিলে আগামী দিনে সাদা জার্সিতে রোহিতকে সম্ভবত দেখা যাবে না.

এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেট থেকেও বিদায় নিতে হতে পারে রোহিতকে। একদিনের ক্রিকেটে বিকল্প অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়ার নামই প্রবলভাবে বোর্ডের অন্দরে চর্চার মধ্যে রয়েছে। কারণ তিনি মাঝেমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে দক্ষতার সঙ্গে নেতৃত্ব সামলেছেন।
খুব একটা ভালো জায়গায় নেই বিরাট কোহলিও। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৬৯ বলে ১৭ রানে আউট হলেন বিরাট কোহলি। ফলে রোহিতের মতোই বিরকাট কোহলিকে নিয়েও প্রশ্ন উঠে গেল। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলেই কোহলি এবং জাদেজার সঙ্গে আলোচনাতে বসবেন নির্বাচকরা। সেই বৈঠকে তাদের ভাবনা দুই সিনিয়র ক্রিকেটারকে জানিয়ে দেওয়া হবে।
আসলে নির্বাচকরা চাইছেন আরও বেশি তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে। জুরেল, সফরাজ খান, ঈশ্বরণের মতো তরুণরা রিজার্ভ বেঞ্চে বসে আছেন। ফলে ব্যর্থ বিরাটকে বেশিদিন বয়ে নিয়ে যেতে নারাজ টিম ম্যানেজমেন্ট।
পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি প্রত্যাশার পারদ বৃদ্ধি করেছিলেন বিরাট কোহলি। কিন্তু তার পর থেকে টানা ব্যর্থ হচ্ছেন কোহলি। সিডনিতে হয়ত দ্বিতীয় ইনিংসে একটা সুযোগ পাবেন। সেখানেও ব্যর্থ হলে কোহলির অবসরের দাবিও জোরালো হবে।












Click it and Unblock the Notifications