Asian Games Cricket: হরমনপ্রীতের নেতৃত্বে শক্তিশালী দল পাঠাচ্ছে ভারত, বাংলা থেকে তিন ক্রিকেটার পেলেন সুযোগ
Asian Games Cricket: এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে ভারত দ্বিতীয় সারির টি ২০ দল পাঠালেও, মহিলাদের বিভাগে পাঠাচ্ছে পূর্ণশক্তির দল। হরমনপ্রীত কৌরই নেতৃত্ব দেবেন। সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা।
বাংলাদেশ সফরে গিয়ে ভারতের প্রমীলা বাহিনী ২-১ ব্যবধানে টি ২০ সিরিজ জিতেছে। বাংলাদেশ সফররত দলে পরিবর্তন আনা হয়েছে এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলে।

বাংলার তিন ক্রিকেটার এশিয়ান গেমসের দলে আছেন। একজনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই। রিচা ঘোষ বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েছিলেন। এশিয়ান গেমসের দলে তাঁকে ফেরানো হয়েছে। বাংলার ফাস্ট বোলার তিতাস সাধুও প্রথমবার ভারতীয় মহিলা দলে ডাক পেলেন। ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয়ে অবদান রেখেছিলেন তিতাস।
তিতাস গত মাসে মহিলাদের ইমার্জিং টিমস এশিয়া কাপেও নজর কাড়েন। মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের সদস্য তিতাসের সঙ্গেই কণিকা আহুজা প্রথমবার ডাক পেলেন ভারতীয় দলে। আরসিবির হয়ে আহুজা ৬ ম্যাচে ১৫৫ রান করেছিলেন। ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালেও করেন অপরাজিত ৩০।
রিচার সঙ্গে বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়া বাঁহাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড়ও জায়গা করে নিয়েছেন এশিয়ান গেমসের দলে। উইকেটকিপার যস্তিকা ভাটিয়া এশিয়ান গেমসের দলে নেই, সুযোগ দেওয়া হয়েছে এখনও দেশের হয়ে একটিও ম্যাচ না খেলা উমা ছেত্রীকে। তবে রিচাই উইকেটকিপিং করবেন বলে মনে করা হচ্ছে। উমা থাকবেন দ্বিতীয় কিপার হিসেবে।

বাংলাদেশে টি ২০ সিরিজে পাঁচ উইকেট নেওয়া অফ স্পিন অলরাউন্ডার মিন্নু মণিও রয়েছেন এশিয়ান গেমসের দলে। রয়েছেন বাঁহাতি স্পিনার বি অনুষা। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে হারলীন দেওলকে। বাংলাদেশ সফরে একটিও ম্যাচ না খেলে এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়েছেন এস মেঘানা।
সেপ্টেম্বরের ১৯ থেকে ২৮ তারিখ পর্যন্ত ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি পিংফেং ক্রিকেট ফিল্ডে টি ২০ ফরম্যাটে হবে মহিলাদের ক্রিকেটের ইভেন্ট। ভারতীয় দল কমনওয়েলথ গেমসে রানার-আপ হয়েছিল। এবার সোনা জয়ের বড় দাবিদার হিসেবেই নামবেন হরমনপ্রীতরা।
এশিয়ান গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমনজ্যোৎ কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সর্বাণী, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মণি, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটকিপার), অনুষা বারেড্ডি।
স্ট্যান্ডবাই প্লেয়ার- হারলিন দেওল, কাশবি গৌতম, স্নেহ রানা, সাইকা ঈশাক, পূজা বস্ত্রকার।












Click it and Unblock the Notifications