এশিয়া কাপে হংকংকে হারালেই ভারত সুপার ফোরে! কোহলি কঠোর অনুশীলনে, প্রতিপক্ষ অধিনায়ক বিরাট-ভক্ত
এশিয়া কাপে সুপার ফোরে কালই পৌঁছে যেতে পারে ভারত। রোহিত শর্মার দলের বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা হংকং। দলের অধিনায়ক নিজাকত খান ম্যাচের আগে জানিয়েছেন, তিনি কোহলির বিরাট অনুরাগী। সকলের মতো তিনিও চান বিরাট কোহলি রান পান। ভারতের প্রাক্তন অধিনায়ক পাকিস্তান ম্যাচে ৩৫ রান করলেও তাঁর কাছ থেকে আরও বেশি রান ও দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা করছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

হংকং ম্যাচে নামার আগে বিরাট জিমে কঠোর অনুশীলনের দুটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন। যাতে দেখা গিয়েছে তাঁকে ডামবেল হাতে ওজন তুলতে। বিরাট কোহলি পাকিস্তান ম্যাচে ৩৪ বলে ৩৫ রান করেছিলেন। তবে দলের প্রয়োজনের মুহূর্তে দায়িত্বজ্ঞানহীন শট খেলে তাঁর আউট হওয়ার ধরন খুশি করতে পারেনি সুনীল গাভাসকর-সহ অনেক বিশেষজ্ঞকেই। হংকং ম্যাচে বিরাট আরও একবার চেনা ছন্দে ফেরার সহজতম সুযোগটি পাবেন, যদি ওপেনারদের কেউ দ্রুত আউট হন।
পাকিস্তান ম্যাচে বিরাট ৩৫ রান করলেও মোটেই তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাট করতে পারেননি। এমনও হয়েছে যে শট খেলতে গিয়েছেন, সঠিকভাবে তা পারেননি। এমনকী পাওয়ারপ্লের পর তাঁর রান তোলার গতিও প্রত্যাশিত মানের ছিল না। হংকংয়ের বিরুদ্ধে বড় রান তাঁর যেমন আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে সহায়ক হবে, তেমনই টি ২০ বিশ্বকাপের পরিকল্পনা করার ক্ষেত্রে স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকেও।
নিউজ ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে হংকংয়ের অধিনায়ক নিজাকত খান বলেছেন, আমি বিরাট কোহলির বড় ফ্যান। তিনি পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলেছেন। আমরাও চাই তিনি ফর্মে ফিরুন এবং প্রচুর রান করুন। ২০১৮ সালে এশিয়া কাপে ভারত ২৬ রানে হারিয়েছিল হংকংকে। সেই খেলাটি ছিল ৫০ ওভারের। শিখর ধাওয়ানের ১২০ বলে ১২৭ রানের দৌলতে ভারত ৭ উইকেটে ২৮৫ তোলে। অম্বাতি রায়ুডু করেছিলেন ৬০। জবাবে নিজাকতের ৯২ রানের সৌজন্যে হংকং ৮ উইকেট হারিয়ে ২৫৯ রান তুলেছিল। নিজাকত বলেন, আগের এশিয়া কাপে ভারতের কাছে ২৬ রানে হেরেছিলাম। তবে টি ২০ ম্যাচে যে কোনও ফলই হতে পারে। একজন বোলার ভালো স্পেল করলে বা একজন ব্যাটার কয়েকটি বলে ঝোড়ো গতিতে রান তুলে ম্যাচের রং বদলে দিতে পারেন। হংকং অধিনায়কের কথায়, আগেও অ্যাসোসিয়েট দলের কাছে বড় দল হেরেছে। আমরা প্রসেস ঠিক রেখে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ নিয়েই খেলতে নামব।












Click it and Unblock the Notifications