হার্দিকের তুলনা ফিনিশার ধোনির সঙ্গে! চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এশিয়া কাপে পাক ম্যাচের দুঃস্বপ্ন ঘুচল ভারতের জয়ে
চলতি এশিয়া কাপে প্রথম ম্যাচে ভারত ১৪৮ রান তাড়া করতে নেমেও পাকিস্তানের বিরুদ্ধে অস্বস্তিতে পড়েছিল। মাঝের ওভারগুলিতে রান তোলার গতি একটু কমে যাওয়ায় জয় আসবে কিনা তা নিয়েও ছিল সংশয়। যদিও হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজার জুটিতেই এসেছে কাঙ্ক্ষিত জয়। যাতে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল কিংবা ২০১৮ সালের এশিয়া কাপের দুঃসহ স্মৃতি ঘুচল। ম্যাচ শেষে তাই ফুরফুরে মেজাজে জাড্ডু-পাণ্ডু জুটি।
|
তৃপ্তির জয়
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের ৪ উইকেটে ৩৩৮ রানের জবাবে ভারত ৩০.৩ ওভারে গুটিয়ে গিয়েছিল ১৫৮ রানে। ১৭ ওভারের মধ্যে ভারত হারিয়েছিল ৬ উইকেট। স্কোরবোর্ডে ৭২ রান ওঠার ফাঁকে সাজঘরে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব। সেখান থেকে সপ্তম উইকেটে ৮০ রানের পার্টনারশিপ গড়েছিলেন রবীন্দ্র জাদেজা ও হার্দিক পাণ্ডিয়া। হার্দিক ৪৩ বলে ৭৬ রান করে রান আউট হয়েছিলেন দলের ১৫২ রানের মাথায়। ঠিক ৬ বল পরে ফেরেন জাদেজাও। ফলে ট্রফি অধরাই থাকে ভারতের কাছে। গতকাল সেই জুটিতেই নিশ্চিত হলো ভারতের জয়। হার্দিক বললেন, ভারতের জয়ে প্রথম তিন ব্যাটারের অবদান থাকে। আমরা সুযোগ কমই পাই। তবে এবারের মতো সুযোগ আরও কাজে লাগাতে চাই।
|
চার বছরের ব্যবধান
২০১৮ সালে এই দুবাইয়েই হার্দিক পাণ্ডিয়ার কেরিয়ার অনিশ্চয়তার মুখে পড়েছিল। এশিয়া কাপে গ্রুপ পর্বে সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। পিঠে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে শুয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক। সেই চোট সারিয়ে এখনকার হার্দিক অনেক পরিণত, দায়িত্ব সচেতন। ছক্কা মেরে এশিয়া কাপে পাক বধ নিশ্চিত করা হার্দিক বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওয় বলেছেন, সব কিছু মনে পড়ছিল। স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছিল। সেই একই ড্রেসিংরুম। মাঝের সময়টা যা হয়েছে এবং তারপর দেশকে জেতানোর এমন সুযোগ পাওয়া নিঃসন্দেহে সুন্দর জার্নি। তবে আমার কামব্যাকের নেপথ্যে দুজন সাপোর্ট স্টাফকে কৃতিত্ব দেব। একজন নীতীন প্যাটেল ও অপরজন সোহম দেশাই।

তৃপ্ত জাদেজা
রবীন্দ্র জাদেজাকে ব্যাটিং অর্ডারে তুলে আনা হয়েছিল। সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন জাড্ডু। রবীন্দ্র জাদেজা বলেন, প্রথম থেকেই স্পিনারদের বিরুদ্ধে বড় শট নেওয়ার লক্ষ্য নিয়ে নামি। হার্দিকের সঙ্গে পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ ছিল। খেলা চলাকালীন নিজেরা কথা বলছিলাম। ঠিক করি, নিজেদের দক্ষতা ও শক্তি অনুযায়ীই শট খেলব। শেষ ওভারে বাঁহাতি স্পিনার আসায় প্রথম বলেই ছক্কা মারব ভেবেছিলাম। কিন্তু আউট হয়ে যাই। হার্দিক বলেন, জাদেজার সঙ্গে সাত-আট বছর ধরে খেলছি। জাদেজার আউট হওয়ার পর আবেগ দেখালেও চাপে ছিলাম না। চাপ ছিল পাকিস্তানের বোলারের উপরেই। চাপ সামলে পরিকল্পনামাফিক খেলা খুব গুরুত্বপূর্ণ। ফলে জানতাম ঠিক ভুল কিছু করে বসবেন পাক স্পিনার। ফিল্ডার বদলের ধরন দেখে বুঝে যাই খাটো লেংথে বল আসতে পারে। সেইমতোই শটটি মারি। তবে শেষ ওভারে ১৫ রান দরকার থাকলেও জেতার ব্যাপারে নিশ্চিত ছিলাম। বাইরে যদি দশটা প্লেয়ারও রাখা থাকতো, তাহলেও বড় শটই খেলতাম।

ধোনির মতো হার্দিক
হার্দিক পাণ্ডিয়া বলেন, আমরা একটা প্রসেসের মধ্যে রয়েছি। সেটা হলো টি ২০ বিশ্বকাপের। আশা করি, বিশ্বকাপে আমরা আরও শক্তিশালী হয়েই নামব। এরই মধ্যে হার্দিকের সঙ্গে তুলনা শুরু হয়েছে ফিনিশার ধোনির। হার্দিক বারবারই বলে থাকেন, তিনি ধোনিকে দেখে অনেক কিছু শিখেছেন। হার্দিক যখন ছক্কা মেরে পাকিস্তান ম্য়াচ জেতাচ্ছেন, তখন অনেকেরই মনে পড়েছে ধোনির ছক্কায় ভারতের বিশ্বজয়ের মুহূর্ত। ধোনির মতোই হার্দিক যে অধিনায়ক হিসেবে 'কুল' সেটাও দেখা গিয়েছে আইপিএলে। গত টি ২০ বিশ্বকাপে হার্দিক বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলেছেন। তারপর মাঠের বাইরে থেকে অলরাউন্ডার হিসেবে কামব্যাকের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। আইপিএলে গুজরাতকে খেতাব জিতিয়েছেন অধিনায়ক হিসেবে। আসন্ন টি ২০ বিশ্বকাপে হার্দিক ফারাক গড়বেন বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। হার্দিকের মধ্যে ধোনির গুণ লক্ষ্য করেছেন রবিন উথাপ্পাও। তিনি মনে করেন, ধোনির মতো ঠান্ডা মাথার হার্দিক ভবিষ্যতে দেশের অধিনায়ক হিসেবেও সফল হবেন।
Learning from Mahi Bhai ➡️ Pandya furthering the legacy! 🤩🥳#AsiaCup2022 #INDvPAK #WhistlePodu 🦁💛 pic.twitter.com/r34uQuju5W
— Chennai Super Kings (@ChennaiIPL) August 29, 2022
From @hardikpandya7's emotional Asia Cup journey to @imjadeja's solid batting display! 👍 👍
— BCCI (@BCCI) August 29, 2022
The all-rounder duo chat up after #TeamIndia win their #AsiaCup2022 opener against Pakistan - by @ameyatilak
Full interview 🎥 🔽 https://t.co/efJHpc4dBo #INDvPAK pic.twitter.com/MJOij6bDRl












Click it and Unblock the Notifications