Asia Cup 2023: এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা পাকিস্তানের, বাবরের বড় ভরসা তাহির
Asia Cup 2023: এশিয়া কাপে শক্তিশালী দল নিয়েই নামবে পাকিস্তান। এশিয়া কাপের পাশাপাশি শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন গত জানুয়ারিতে সহ অধিনায়ক হওয়া শান মাসুদ।
ইমার্জিং এশিয়া কাপের পারফরম্যান্সের সুবাদে পাকিস্তানের সিনিয়র দলে এই নিয়ে দ্বিতীয়বার ডাক পেলেন মহম্মদ তৈয়াব তাহির। ২ বছরেরও বেশি সময় পর জাতীয় দলে কামব্যাক করেছেন ফাহিম আশরাফ।

মে মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে দলটি খেলেছিল তা থেকে বাদ পড়েছেন মাসুদ, হ্যারিস সোহেল ও ইহসানুল্লাহ। এ ছাড়া খুব বড় কোনও পরিবর্তনের পথে হাঁটেনি ইনজামাম উল হকের নেতত্বাধীন নির্বাচকমণ্ডলী। আফগানিস্তান সিরিজের ১৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন সাউদ শাকিল, তিনি শ্রীলঙ্কায় সাম্প্রতিক টেস্ট সিরিজে নজর কেড়েছেন। যদিও এশিয়া কাপের ১৭ সদস্যের দলে তাঁকে রাখা হয়নি।
পাকিস্তান দলে ভালো মানের ফাস্ট বোলিং অলরাউন্ডার দরকার ছিল বলেই ফাহিমকে ফেরানো হয়েছে বলে দাবি ইনজামামের। পাকিস্তান সুপার লিগ-সহ বিভিন্ন টুর্নামেন্টে তিনি ভালো খেলেছেন। বিশ্বকাপেও ফাহিমকে খেলানোর পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন ইনজি। একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে মাসুদ প্রত্যাশা পূরণ না করতে পারাতেই বাদ পড়েছেন।

ফাহিম ২০২১ সালে জুলাইয়ে ইংল্যান্ডে শেষবার ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলেছেন। তবে সম্প্রতি টেস্ট ও টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজে ডাক পেয়েছিলেন মহম্মদ তৈয়াব তাহির। এরপর পাকিস্তান কাপে ভালো খেলেন। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে ৭১ বলে ১০৮ রানের ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন করাতে ভূমিকা নেন। তিনি ওডিআই টিমে প্রত্যাবর্তন করলেন।
কনুইয়ের চোট রয়েছে ইহসানুল্লাহর। মহম্মদ হাসনাইনেরও জায়গা হয়নি। বিশ্বকাপের দল বাছাইয়ের আগে ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে নিতে চাইছেন ইনজামাম। লাহোরে তিন দিনের শিবির শেষে ১৮ অগাস্ট হামবানটোটায় একদিনের দল সমবেত হবে।

পাকিস্তানের ঘোষিত দল- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, সাউদ শাকিল, সলমন আলি আঘা, ইফতিখার আহমেদ, মহম্মদ নওয়াজ, উসামা মীর, হ্যারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, তৈয়াব তাহির, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), ফাহিম আশরফ, মহম্মদ ওয়াসিম।












Click it and Unblock the Notifications