Ashwin Retires: অশ্বিনেই শুরু ভারতীয় ক্রিকেটে বড় পালাবদল, অস্ট্রেলিয়া সফরের পর ধাপে ধাপে কাদের অবসর?
Ashwin Retires: রবিচন্দ্রন অশ্বিনের পরিবার-সহ অনেকের কাছেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অবাক করার মতো। তবে অনেকের কাছে তা নয়।
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, বিসিসিআই ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের অনেকেই অশ্বিনের সিদ্ধান্তে অবাক নন। কারণ, ইতিমধ্যেই সিনিয়রদের বার্তা দেওয়া হয়ে গিয়েছে।

অশ্বিন পরিকল্পনা করে, স্বেচ্ছায়, নাকি বাধ্য হয়েই অবসর নিলেন সেটা স্পষ্ট নয়। অশ্বিন আজ চেন্নাইয়ে বলেছেন, অনেকদিন ধরে অবসর নিয়ে ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল। ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনেই সিদ্ধান্ত নিয়ে ম্যাচের শেষে তা জানিয়েছি।
বিরাট কোহলি জানিয়েছেন, তিনি অশ্বিনের অবসরের কথা জেনেছেন গতকাল সকালেই। রোহিত শর্মা আবার জানতে পেরেছিলেন পারথে পৌঁছেই। তবে রাজি করান অ্যাডিলেড টেস্টে খেলার জন্য। ব্রিসবেন টেস্টে অবশ্য অশ্বিন বাদ পড়েন।
ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে, মঙ্গলবার রবীন্দ্র জাদেজার ইনিংস তাঁকে সিরিজের বাকি টেস্টগুলিতে জায়গা পাকা করে দেয়। তাছাড়া অশ্বিন, জাদেজার মতো ক্রিকেটার থাকা সত্ত্বেও পারথে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর মধ্যে বড় বার্তা ছিল বলে মনে করা হচ্ছে।
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, ভারতীয় দলে রদবদল আসন্ন। অস্ট্রেলিয়া সফরের গুরুত্ব সব সময়ই উপরের দিকে থাকে। এই সফরের পারফরম্যান্স অনেকের কেরিয়ার শেষ করে দিয়েছে, তেমনই কেরিয়ার গ্রাফের উপরে ওঠাও নিশ্চিত করেছে। ২০০৮ সাল থেকে যেমন ধাপে ধাপে ট্রানজিশন চলেছিল, একের পর এক সিনিয়ররা অবসর নেন, তেমনটাই হতে চলেছে বলে দাবি এই প্রতিবেদনে।
আগামী জুনে ভারতের ইংল্যান্ড সফর। তার আগে অনেক তারকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বা বাদ পড়তে চলেছেন। ভারত যদি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে না পারে তাহলে পরবর্তী সংস্করণ শুরুর আগেই অনেকে অবসর ঘোষণা করে দেবেন।
গতকাল অশ্বিনের সঙ্গে সাংবাদিকরা সুকৌশলে জুড়ে দিয়েছিলেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারার নাম। যদিও রোহিত তাঁদের নিয়ে কথা বলার ফাঁকেই জানান, অশ্বিন অবসর নিয়েছেন, রাহানে, পূজারা নেননি। সকলের কাছেই দলে ফেরার রাস্তা খোলা।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই সরাসরি বা ঘুরিয়ে সিনিয়রদের তাঁদের ভবিষ্যৎ নিয়ে বার্তা দেওয়া হয়েছে। অশ্বিনকে কবে কীভাবে তা বলা হয়েছে বা আদৌ বলা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে এমনও খবর যে, অশ্বিন একাদশে থাকার নিশ্চয়তা পেলে তবেই অস্ট্রেলিয়া যাবেন বলে শর্ত দেন। অশ্বিন দলে থাকায় সেই শর্ত মানা হয়েছিল বলেই মনে করা হচ্ছে।
অশ্বিনের ক্রিকেটীয় মস্তিষ্কের তারিফ করেন অনেকেই। তিনি তামিলনাড়ুকে নেতৃত্ব দিয়ে তিনি ফিল্ডিং সাজানো নিয়ে অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা পরে আইপিএলে অনুসরণ করেছেন মহেন্দ্র সিং ধোনিও। তবে অশ্বিন ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেননি। প্রচুর রান করায় রাহানেও অধিনায়কত্ব করেছেন।
অশ্বিনের বাবা রবিচন্দ্রনের কথায় উঠে এসেছে বারবার অপমানিত হওয়ার কথা। অশ্বিনকে ভারতের অধিনায়ক না করাও সেই তালিকায় রয়েছে। অশ্বিনকে আজ এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আর তো দেশকে নেতৃত্ব দেওয়ার অবকাশ নেই। অবসর নিয়ে খুশি। অর্থাৎ, অবসরের পর অধিনায়কত্ব নিয়ে কিছু বলতে চান না।
উল্লেখ্য, পূজারা, রাহানের পাশাপাশি ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদবরা দীর্ঘদিন ভারতীয় টেস্ট দল-সহ কোনও ফরম্যাটেই সুযোগ পাচ্ছেন না। ঋদ্ধিমান সাহা এ বছরই অবসর ঘোষণা করেছেন। ফলে যাঁরা করেননি, তাঁরাও ধাপে ধাপে অবসর নিতে পারেন। অস্ট্রেলিয়া সফরের ফলে নির্ধারিত হতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের ভবিষ্যৎ। দেখার, তাঁরা ইংল্যান্ড সফরের দলে থাকেন কিনা।












Click it and Unblock the Notifications