আমেদাবাদ টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলল ৪৮০, অশ্বিন ৬ উইকেট নিয়ে পিছনে ফেললেন কুম্বলেকে
আমেদাবাদ টেস্টে ৪৮০ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ৬ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন।
আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন তৃতীয় সেশনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামল ৪৮০ রানে। সর্বাধিক ১৮০ রান করেন উসমান খোয়াজা। ১১৪ রান করেন ক্যামেরন গ্রিন। রবিচন্দ্রন অশ্বিন ৬ উইকেট দখল করে আপাতত বর্ডার-গাভাসকর ট্রফিতে নাথান লিয়ঁর সঙ্গে যুগ্ম সর্বাধিক উইকেটশিকারী হলেন।

৯০ ওভারে চার উইকেটে ২৫৫ রান নিয়ে আজ খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে কোনও উইকেট পড়েনি। মধ্যাহ্নভোজের বিরতিতে স্তোর ছিল ১১৯ ওভারে ৪ উইকেটে ৩৪৭। চা বিরতিতে তা হয় ১৪৬ ওভারে ৭ উইকেটে ৪০৯। চা বিরতির পর প্রথম বলেই অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোর হন উসমান খোয়াজা। আম্পায়ার নীতীন মেনন আউট না দেওয়ায় ভারত রিভিউ নেয়। রিপ্লে দেখে আম্পায়ারকে সিদ্ধান্ত পাল্টাতে বলেন তৃতীয় আম্পায়ার। ২১টি চারের সাহায্যে ৪২২ বলে ১৮০ রান করেন খোয়াজা। অস্ট্রেলিয়ার অষ্টম উইকেট পড়েছিল ৪০৯ রানে। এরপর নবম উইকেট জুটিতে ওঠে আরও ৭০ রান।
১৬৫.৩ ওভারে টড মার্ফিকে ফেরান অশ্বিন। তিনি লেগ বিফোর হন, রিভিউ নিয়েও রক্ষা পাননি। পাঁচটি চারের সাহায্যে ৬১ বলে ৪১ রান করেন মার্ফি। ১৬৭.২ ওভারে নাথান লিয়ঁকে আউট করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে যবনিকা পতন নিশ্চিত করেন সেই অশ্বিনই। ৯৬ বলে ৩৪ রান করেন লিয়ঁ। ম্যাথু কুহনেম্যান ০ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে ট্রাভিস হেড ৩২, মার্নাস লাবুশানে ৩, স্টিভ স্মিথ ৩৮, পিটার হ্যান্ডসকম্ব ১৭, অ্যালেক্স ক্যারি ০ ও মিচেল স্টার্ক ৬ রানে আউট হন। আজ দ্বিতীয় সেশনে গ্রিন ও ক্যারিকে একই ওভারে আউট করেন অশ্বিন। তারপর তুলে নিয়েছিলেন স্টার্কের উইকেট।
ভারতের সফলতম বোলার অশ্বিন ১৫টি মেডেন-সহ ৪৭.২ ওভারে ৯১ রানের বিনিময়ে ৬ উইকেট নিলেন। টেস্ট কেরিয়ারে এই নিয়ে ৩২ বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন অশ্বিন। একমাত্র অনিল কুম্বলে টেস্টে ৩৫ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। তবে দেশের মাটিতে কুম্বলে ৫৩টি ম্যাচে ২৫ বার ৫ উইকেট নিয়েছেন। অশ্বিন ৫৬তম টেস্ট খেলতে নেমে নিলেন ২৬টি উইকেট। মহম্মদ শামি ২টি এবং রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নিয়েছেন। আমেদাবাদে পাটা পিচে অস্ট্রেলিয়া ৪৮০ রান তুললেও ১৬৭.২ ওভার খেলেছে। রান রেট ২.৮৬। এই টেস্ট ড্র হলেও সিরিজ জিতবে ভারত। ফলে ভারতের ২০ উইকেট তোলার মতো পর্যাপ্ত সময় অজিরা পাবে কিনা সেটাই বড় প্রশ্ন। ভারতকে আজ ১০ ওভার ব্যাট করতে হবে।












Click it and Unblock the Notifications