Ashwin Retires: অস্ট্রেলিয়া সফরে যাওয়ার শর্ত ভাঙাতেই অশ্বিনের অবসর! নিশানায় কে?
Ashwin Retires: রবিচন্দ্রন অশ্বিনের আচমকা অবসর নিয়ে জল্পনা থামছেই না। হঠাৎ কেন সফরের মাঝপথে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে ফিরে এলেন তা নিয়ে চলছে চর্চা।
অশ্বিন আজও বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটারের সত্তা আর না থাকলেও তাঁর ক্রিকেটার সত্তা এখনও শেষ হয়নি। চেন্নাই সুপার কিংসে ফিরে খুশি অশ্বিন আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন।

অশ্বিনের বাবা রবিচন্দ্রন অবশ্য এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নেপথ্যে সম্ভাব্য কারণগুলির অন্যতম হতে পারে তাঁকে বারবার অপমান করা। অশ্বিন অবশ্য চেন্নাইয়েও জানিয়েছেন, তিনি কোনও আক্ষেপ না রেখেই অবসর নিয়েছেন।
অশ্বিন আরও জানিয়েছেন, অবসরের কথা তাঁর মাথায় ছিল বেশ কিছুদিন ধরেই। ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন সিদ্ধান্ত নিয়েছেন। পঞ্চম দিন খেলা শেষের পর ঘোষণা। অশ্বিনের আচমকা অবসরের কথা শেষ মুহূর্তে জানতে পারে তাঁর পরিবার।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে উল্লেখ, দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে সিরিজ হারার পরই অবসর-ভাবনা এসেছিল অশ্বিনের মাথায়। ফলে তিনি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে জানান, বর্ডার-গাভাসকর ট্রফিতে একাদশে জায়গা নিশ্চিত না হলে তিনি অস্ট্রেলিয়া যেতে চান না।
উল্লেখ্য, পারথ টেস্টে অশ্বিনকে খেলানোরই ইঙ্গিত ছিল। তিনি সেন্টার উইকেটে বোলিং করেন সাংবাদিক বৈঠকে না এসে। খুঁটিয়ে পিচ দেখে সকলের শেষে মাঠ ছাড়েন ম্যাচের আগের দিন। নেটে দীর্ঘক্ষণ কথা হয় হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। কিন্তু দেখা যায়, একাদশে অশ্বিন নেই। খেলানো হয় ওয়াশিংটন সুন্দরকে।
সুন্দর কিউয়িদের বিরুদ্ধে ব্যাটে-বলে ভরসা জুগিয়ে তুলনায় নিষ্প্রভ অশ্বিনকে চাপে ফেলেছিলেন। রোহিত জানান, তিনি পারথে গিয়ে অশ্বিনের অবসরের সম্ভাবনা নিয়ে জানতে পারেন। যদিও রাজি করান গোলাপি বলের টেস্টের আগে কোনও সিদ্ধান্ত না নিতে।
অ্যাডিলেড টেস্টে অশ্বিনকে খেলানো হয়। তবে এরপরই বাদ পড়েন ব্রিসবেন টেস্টে। রোহিত আরও বলেছেন, আমরা অস্ট্রেলিয়া আসার আগে ঠিক করিনি কাকে কোথায় খেলানো হবে। অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেডিয়ামের কন্ডিশন অনুযায়ী দল সাজানোর পরিকল্পনা ছিল।
The countless battles on the field are memorable ❤️
— BCCI (@BCCI) December 19, 2024
But it's also moments like these that Ashwin will reminisce from his international career 😃👌
Check out @ashwinravi99 supporting his beloved support staff 🫶#TeamIndia | #ThankYouAshwin pic.twitter.com/OepvPpbMSc
অশ্বিন আজ বলেছেন, তিনি টেস্টের চতুর্থ দিন অবসর নেওয়ার বিষয় চূড়ান্ত করে ফেলেন, গতকাল তা জানান খেলার শেষে। তাৎপর্যপূর্ণ হলো, ব্রিসবেনে রবীন্দ্র জাদেজা ৭৭ রানের ইনিংস খেলেন চতুর্থ দিনেই। যা ভারতকে ফলো-অন বাঁচাতে সাহায্য করে।
অশ্বিন যে দলের কম্বিনেশন নিয়ে বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন, দলে জায়গা পাবেন না বুঝে এই সিদ্ধান্ত নিতে পারেন, তা উড়িয়ে দেননি অধিনায়ক রোহিতও। পারথে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরাহ। রোহিত অধিনায়ক হিসেবে ফেরার পর অ্যাডিলেডে অশ্বিনকে খেলান।
ব্রিসবেনের ইনিংস জাদেজার জায়গা কনফার্ম করে দেয়। রোহিতের কথায়, জাদেজাকে খেলানো হয়েছিল ব্যাটিং গভীরতা বাড়াতেই। অশ্বিনেরও বুঝতে বাকি ছিল না, সুন্দর ইতিমধ্যেই গম্ভীরের গুডবুকে থাকায় তাঁকে এখন তিন নম্বর স্পিনার হিসেবেই ভাবা হচ্ছে। অস্ট্রেলিয়ায় ভারতের তিন স্পিনারে নামার সম্ভাবনাও নেই।
গাব্বা টেস্টের একাদশ ভারত অপরিবর্তিত রাখবে মেলবোর্নেও। সিডনিতে দুই স্পিনার খেলালে জাদেজার সঙ্গে সুন্দর। ফলে অশ্বিন যে নিশ্চয়তা চেয়েছিলেন, সেই শর্ত ভাঙা হয়েছে। তাতেই তিনি অবসর নিয়ে থাকতে পারেন বলে জোর চর্চা।
পারথে অশ্বিনকে বাইরে রাখার ক্ষেত্রে হেড কোচ গম্ভীরের কথাই গুরুত্ব পেয়েছিল। কেন না, সেই টেস্ট শুরুর আগে ছিলেন না রোহিত। তিনি অশ্বিনকে অ্যাডিলেডে খেলান। রোহিত গতকাল বলেছেন, এই সিরিজে দরকার নেই বুঝেই অশ্বিন ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন। এই বক্তব্যেই স্পষ্ট, তাঁর দেওয়া শর্ত মানার আশ্বাস রক্ষা হয়নি, গম্ভীরের জন্য, সে কারণেই অবসর।












Click it and Unblock the Notifications