মুম্বইয়ের রঞ্জি দলে ডাক পেলেন সচিন-পুত্র
রঞ্জি ট্রফি'র প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত মুম্বইয়ের দলে ডাক পেলেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। মহারাষ্ট্র (১৩ জানুয়ারি) এবং দিল্লি (২০ জানুয়ারি)'র বিরুদ্ধে আসন্ন দু'টি রঞ্জি ট্রফি'র ম্যাচ খেলবে মুম্বই। প্রথম বারের জন্য মুম্বইয়ের রঞ্জি দলে ডাক পেয়ে স্বভাবতই খুশি অর্জুন।

এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যম'কে সচিন-পুত্র বলেছেন, "ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফি'র জন্য মুম্বইয়ের দলে সুযোগ পাওয়াটা গর্বের। আমার স্বপ্ন সত্যি হল। দলের জন্য নিজের সেরা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।"
২০২১ সালে প্রথমবার মুম্বইয়ের দলে জায়গা পান অর্জুন তেন্ডুলকর। চলতি বছর জানুয়ারি'তে মুস্তাক আলি ট্রফি'র জন্য ঘোষিত দলে। অতিরিক্ত ক্রিকেটার হিসেবে দলে সুযোগ হয়েছিল অর্জুনের। দুই ম্যাচ খেলার সুযোগ হয়েছিল মুম্বইয়ের হয়ে। ওই দুই ম্যাচে সমসংখ্যক উইকেট নিয়েছিলেন অর্জুন, করেছিলেন তিন রান। ফেব্রুয়ারি মাসে আইপিএল-এর নিলাম থেকে তাঁকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স, যদিও এখনও আইপিএল-এ অভিষেক হয়নি অর্জুনের। চোটের কারণে পেসার তুষার দেশপাণ্ডের অনুপস্থিতিও মুম্বইয় দলে অর্জুন'কে সুযোগ পেতে সাহায্য করেছে। তুষারের রিবের দু'টি হার ভেঙে গিয়েছে এবং এই কারণে বিজয় হাজারে ট্রফি'তেও খেলতে পারেননি তিনি।
রঞ্জি ট্রফির দলে অর্জুনের নির্বাচন প্রসঙ্গে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক প্রধান সলিল অঙ্কলা বলেছেন, "আমি বুঝি না অর্জুনের দিকে শুধু মাত্র লক্ষ্য থাকার কারণটা কী, শুধুই কি ও তেন্ডুলকরের ছেলে বলে। আমাদের লক্ষ্য হল তরুণ প্রজন্ম'কে তুলে এনে দলকে একটা নতুন রূপ দেওয়া। ও একজন ট্যালেন্টেড বোলার এবং ক্রমাগত ভাল পারফর্ম করছে। দু'বছর আগে মুম্বই অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ পারফর্ম করেছে। ৬০ বলে ৮৫ রান করেছে গতকাল (অনূর্ধ্ব-২৫ শালিনি বালেকার ট্রফি) এবং স্থানীয় টুর্নামেন্টে এক সপ্তাহ আগে চার উইকেট নিয়েছে। সর্ব সম্মতিক্রমে ওর নির্বাচন হয়েছে। দলের অধিনায়ক (পৃথ্বী শ) এই দল নির্বাচনের বৈঠকে উপস্থিত ছিলেন। তুষার না থাকার ফলে আমাদের বেশ কিছু অপশান প্রয়োজন ছিল।" পাশাপাশি ভারতীয় দলের প্রাক্তন পেসার জানিয়েছেন, পুরো রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন পৃথ্বী। বিজয় হাজারে ট্রফি'র দল থেকে বাদ পড়লেও রঞ্জির দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক আদিত্য তারে। প্রথমবারের জন্য মুম্বইয়ের দলে ডাক পেয়েছেন ভাল ছন্দে থাকা প্রিন্স বাদিয়ানি।












Click it and Unblock the Notifications