ভারত-বাংলাদেশ ম্যাচ : আম্পায়ারিং বিতর্কে কড়া প্রতিক্রিয়া আইসিসি সভাপতির, খোঁচা ভারতকে
ঢাকা, ২০ মার্চ : আইসিসি সভাপতি মুস্তাফা কামাল আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কড়া প্রতিক্রিয়া দেখালেন। জানালেন, আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তুষ্ট তিনি। পরবর্তী আইসিসি-র সভাতেই এই বিষয়টি তুলবেন। তিনি আরও বলেন, "আইসিসি মানে 'ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল' হয়ে গেছে। আমি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নই।" প্রয়োজনে আইসিসি সভাপতি পদ থেকে পদত্যাগও করবেন বলে হুমকি দেন তিনি।
অন্যদিকে আম্পায়ারদের সিদ্ধান্তের বিপক্ষে আইসিসির কাছে আপিল করা হবে বলে ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, "এই ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তগুলির বিষয়ে আমরা আইসিসির কাছে আপিল করব।"

বৃহস্পতিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের পর থেকেই বাংলাদেশে আম্পায়ারিং নিয়ে সমালোচনার নিয়ে ঝড় উঠছে। পুরো ক্রিকেট বিশ্বে এখন আম্পায়ারিং নিয়ে সমালোচনা চলছে। তার রেশ ধরেই বাংলাদেশ থেকে গিয়ে আইসিসি সভাপতির চেয়ারে বসা মুস্তাফা কামাল আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখালেন।
বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয়েছেন দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোউল্ড। ভারতের ইনিংসে রোহিত শর্মা ৯০ রানের মাথায় রুবেল হোসেনের বলে ক্যাচ দেন ইমরুল কায়েসের হাতে। তবে সবাইকে অবাক করে দিয়ে 'নো' বলের ইশারা করেন আম্পায়ার আলিম দার।
অন্যদিকে অভিযোগ, মাশরাফি মোর্তাজার বলে এলবিডব্লিউর শিকার হয়েছিলেন সুরেশ রায়না। সেখানেও আম্পায়ার নট আউট দেন। অন্যদিকে, মাহমদুল্লার ক্যাচ বাউন্ডারি লাইনের কাছাকাছি নিয়েছিলেন শিখর ধাওয়ান। সেখানেও নাকি স্পষ্ট দেখা যায় তাঁর পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছে। তা সত্ত্বেও নাকি আউট দেন আম্পায়ার।












Click it and Unblock the Notifications