Ajay Jadeja: মেন্টর জাদেজা গড়লেন নতুন দৃষ্টান্ত, পারিশ্রমিক ছাড়াই করেছেন আফগানিস্তানের জন্য কাজ
ভারতীয় ক্রিকেটে বর্ণময় চরিত্রের নাম অজয় জাদেজা। ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়ে অসময়েই থেমে গিয়েছিল তাঁর ক্রিকেট কেরিয়ার। কিন্তু ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে তাঁর প্রত্যাবর্তন ঘটে। ভারতে খেলতে এসে আফগানিস্তান দল মেন্টর করে জাদেজাকে। কিন্তু মেন্টরশিপের জন্য কত টাকা নিয়েছেন জাদেজা? সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও সেই তথ্য ফাঁস করেছেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান সম্প্রতি জানিয়েছেন, ভারতের প্রাক্তন ক্যাপ্টেন অজয় জাডেজা আফগানদের মেন্টর হওয়ার জন্য একটি টাকাও নেননি। পেশাদারিত্বের যুগে অবাক করা ঘটনা হলেও এটাই সত্যি। কোনও রকম টাকা বা পারিশ্রমিক ছাড়াই ২০২৩ সালের একদিন এর বিশ্বকাপে রশিদ খানদের মেন্টরের ভূমিকা পালন করেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার।

জাদেজা প্রসঙ্গে নাসিব খান বলেন, "২০২৩ সালের একদিনের বিশ্বকাপে আফগানিস্তান টিমের মেন্টর হওয়ার জন্য অজয় জাডেজাকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একাধিকবার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু জাজেদা সেটা নিতে রাজী হয়নি। জাদেজা সব সময় বলত, 'যদি তোমরা ভালো খেলো, সেটাই আমার কাছে বেতন এবং সেই পুরস্কারই আমি চাই।'
একদিনের বিশ্বকাপে ভালো খেলে আফগানিস্তান। এবার টি২০ বিশ্বকাপেও যথেষ্ট ভালো খেলছে তারা। পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৭ উইকেটে জয়ের সঙ্গে সঙ্গেই এক ম্যাচ বাকি থাকতে সুপার ৮-এ জায়গা করে নিল কাবুলিওয়ালর দেশ। সেইসঙ্গে বিশ্ব মঞ্চে ফের একবার সাড়া জাগালো আফগানরা।
গ্রুপ সি থেকে আফগানিস্তান দ্বিতীয় স্থানে থেকে শেষ করায় রশিদ খানের দল এবার ভারতের বিরুদ্ধে খেলবে।১৯ জুন থেকে শুরু হচ্ছে এ বারের টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব। তার পরের দিন (অর্থাৎ ২০ জুন) রয়েছে রোহিত শর্মার ভারতের ম্যাচ রয়েছে আফগানদের বিরুদ্ধে। কেনসিংটন ওভালে ভারতীয় সময় রাত আটটায় খেলাটি শুরু হবে।
নির্বাসন পর্বের পর ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়েছেন জাদেজা। বর্তমানে ধারাভাষ্যকার তথা ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে অতি পরিচিত মুখ অজয়। জাদেজা ভারতের হয়ে ১৫টি টেস্ট ও ১৯৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন। টেস্টে ৪টি অর্ধশতরান-সহ ৫৭৬ রান সংগ্রহ করেন তিনি। দেশের জার্সিতে ওয়ান ডে ক্রিকেটে ৬টি শতরান ও ৩০টি অর্ধশতরান-সহ ৫৩৫৯ রান সংগ্রহ করেছেন জাদেজা। ওয়ান ডে ক্রিকেটে ২০টি উইকেটও নিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications