বুমরাহর দুরন্ত বোলিংয়ের পর অভিষেক ও সূর্যর ব্যাটে ঝড়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতল ভারত
টেস্ট এবং ওডিআই সিরিজে পরাস্ত হলেও টি২০ সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ভারত। সিরিজের দুই ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার।
আজ গুয়াহাটিতে ১০ ওভার বাকি থাকতে ৮ উইকেটে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে জয়লাভ করে সিরিজ পকেটে পুরে ফেলল বিশ্বচ্যাম্পিয়নরা। নিশ্চিতভাবেই যা টি২০ বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল অনেকটাই।

টস জিতে ভারত ফিল্ডিং নিয়েছিল। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি তুলতে পারেনি মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ৪০ বলে ৪৮ ও মার্ক চ্যাপম্যান ২৩ বলে ৩২ রান করেন।
জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ১৭ রান খরচ করে তুলে নেন তিন উইকেট। রবি বিষ্ণোই ৪ ওভারে ১৮ ও হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ২৩ রান দিয়ে দুটি করে উইকেট নেন। হর্ষিত রানা ৪ ওভারে ৩৫ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। কুলদীপ যাদব ৩ ওভারে ৩২ ও শিবম দুবে ২ ওভারে ২৪ রান দেন।
১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম বলেই সঞ্জু স্যামসনের (১ বলে ০) উইকেট হারায় ভারত। তিনে নেমে ঈশান কিষাণ ১৩ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন ৩.২ ওভারে দলের ৫৩ রানের মাথায়। এরপর ভারত আর কোনও উইকেট হারায়নি। ঝ়ড় তোলেন অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব।
অভিষেক ১৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন, যা টি২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। যুবরাজ সিংয়ের আছে ১২ বলে অর্ধশতরান, যে রেকর্ড ভাঙা অসম্ভব বলে ম্যাচের পর জানিয়েছেন অভিষেক। দলের চাহিদামতোই তিনি আগ্রাসী ব্যাটিং চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
অভিষেক সাতটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ২০ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ২৬ বলে ৫৭ রানে অপরাজিত থেকে যান, তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও তিনটি ছয়। ম্যাট হেনরি ও ইশ সোধি নেন ১ উইকেট। বুধবার চতুর্থ টি২০ আন্তর্জাতিক বিশাখাপত্তনমে।












Click it and Unblock the Notifications