AB de Villiers: চোখের সমস্যা নিয়ে খেললেও বোঝা যায়নি! এবিডি-র আচমকা অবসরের কারণ শিউড়ে ওঠার মতো
AB de Villiers: এবি ডি ভিলিয়ার্স ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে গুডবাই জানিয়েছিলেন। ২০১৯ সালের বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা চর্চা হলেও অবসর ভাঙেননি।
আইপিএলে অবশ্য ২০২১ সাল অবধি খেলেন। যে দক্ষতা ও দাপটের সঙ্গে তিনি খেলেন তাতে অনেকেই মনে করেন, অবসরটা বড় তাড়াতাড়িই নিয়ে ফেলেছিলেন এবিডি।

কিন্তু এবি ডি ভিলিয়ার্স যে কত বড় অসুবিধা নিয়েও খেলা চালিয়ে গিয়েছেন তা দেখে বোঝার উপায় ছিল না। কেউ বোঝেননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অনেক আগেই নিয়েছেন, সেটা বুঝিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। যদিও তার নেপথ্যে যে কারণ ছিল তা শিউড়ে ওঠার মতো।
চোখের রেটিনা সরে গিয়েছিল। অস্ত্রোপচার করাতে হয়। তারপরও কীভাবে ৩৬০ ডিগ্রি ব্যাটারের ভূমিকা তিনি পালন করলেন সেটাই অবাক করার বিষয়। উইজডেন ক্রিকেট মান্থলিকে দেওয়া সাক্ষাৎকারে এবিডি জানিয়েছেন, তাঁর সন্তানের গোড়ালি আচমকা চোখে লেগেছিল। এই দুর্ঘটনার পরই ডান চোখের সমস্যা দেখা দেয়।
ডি ভিলিয়ার্স বলেন, ডান চোখের দৃষ্টিশক্তি কমতে শুরু করেছিল। অলে অস্ত্রোপচার করাতে হয়। চিকিৎসক জানতে চান, চোখের এমন অবস্থা নিয়ে কীভাবে ক্রিকেট খেলা সম্ভব? এবিডি বলেন, কপাল ভালো বাঁ চোখ সঙ্গ দিয়েছিল আমার কেরিয়ারের শেষ ২ বছর। উল্লেখ্য, অবসর নেওয়ার সময় চোখে চোট লাগার কথা বললেও এতটা বিস্তারিতভাবে আগে জানাননি প্রোটিয়া তারকা।
হাত ও চোখের মধ্যে তালমিল ঠিক রেখেই কেরিয়ারের শেষ দিকে ব্যাটিং চালিয়ে গিয়েছেন ডি ভিলিয়ার্স। ২০১৫ সালে বিশ্বকাপ থেকে বিদায়ের ধাক্কা সামলাতে কিছুটা সময় লেগেছিল। এরপর জাতীয় দলের হয়ে খেললেও যে ধরনের সংস্কৃতি দরকার ছিল, সেটা না পাওয়াও তাঁর অবসরের অন্যতম কারণ বলে জানিয়েছেন এবিডি।
ডি ভিলিয়ার্স অবসর ভেঙে দেশের হয়ে ফিরতেও প্রস্তুত ছিলেন। বিশ্বকাপ খেলতেও চেয়েছিলেন। কিন্তু আগ্রহ দেখায়নি ক্রিকেট সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়া ও ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতে বিদায় নিতে চেয়েছিলেন, তবে চাননি স্পটলাইট তাঁর উপর থাক। কিন্তু এই বাসনা অতৃপ্ত রেখেই আলবিদা জানাতে হয় ক্রিকেটকে।












Click it and Unblock the Notifications