ইনদোরে সিরিজের মরণবাঁচন ম্যাচ, হারলে ধোনির নেতৃত্ব নিয়ে উঠবে নানা প্রশ্ন
ইনদোর, ১৪ অক্টোবর : একেবারে আতস কাঁচের তলায় রয়েছে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব। ধীরে ধীরে বয়সের ভারে হোক বা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ডামাডোল হোক, ধোনি মডেল নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। [ভারত-দঃ আফ্রিকা গোটা সিরিজের ট্যুর গাইড]
দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলছেন নিন্দুকেরা। তার উপরে রয়েছে দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির গত বেশ কয়েকটি ম্যাচে নিদেনপক্ষে অর্ধশতরানের গণ্ডীও না পেরনো। দলের সেরা স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের চোট পাওয়া ও পেসার মহম্মদ শামির চোট পেয়ে দীর্ঘদিন দলের বাইরে থাকা।

তবু এসব সত্ত্বেও আগে কোনওরকম নির্ভরতা ছাড়াই দেশকে একেরপর এক ম্যাচে বৈতরণী পার করেছেন ক্যাপ্টেন কুল ধোনি। একেরপর এক ম্যাচে রুদ্ধশ্বাস শেষ করে শেষ হাসি হেসেছেন। প্রসিদ্ধ হয়েছেন বিশ্বের সেরা ফিনিশার হিসাবে।
তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্য়াচে দল দেখতে পায়নি ধোনি ম্যাজিক। যিনি অসংখ্য বার মাঠে থেকে দলের জয় নিশ্চিত করেছেন। বস্তুত, বিশ্বকাপের পর থেকে দেখলে গত কয়েকটি ম্যাচে ততটা স্বচ্ছ্বন্দ দেখাচ্ছে না। সেই হার না মানা, হিমশীতল খুনে মানসিকতাটাই অধরা ধোনির মধ্যে।
বিরাট কোহলি অধিনায়ক হিসাবে সারাক্ষণ ঘাড়ের কাছে শ্বাস ফেলছেন। ধোনি জানেন তাঁর শুধু হ্যাঁ বলার অপেক্ষা, অধিনায়কের মুকুটটা মুহূর্তে উঠে যাবে কোহলির মাথায়। এমন অবস্থায় মাঠে নেমে এটা বাড়তি চাপ হয়ে যাচ্ছে না তো, উঠছে সেই প্রশ্নও।
ইনদোরে ভারতের কাছে আশার আলো রয়েছে। প্রথমত, এখানে একদিনের ম্যাচে কখনও হারেনি ভারত। অসাধারণ ফর্মে রয়েছেন রোহিত শর্মাও। এই দুটিকে মিলিয়ে দিতে পারলেই ফের ট্র্যাকে চলে আসবে ধোনির ভারত। এবং একইসঙ্গে ক্যাপ্টেন কুলও সমালোচনার হাত থেকে কয়েকদিন রেহাই পাবেন।












Click it and Unblock the Notifications