করোনা জয় করেও শেষরক্ষা হল না, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন বিধায়কের
করোনা জয় করেও শেষরক্ষা হল না, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন বিধায়কের
করোনার কবল থেকে সুস্থ হয়ে গিয়েছিলেন নলহাটির প্রাক্তন বিধায়ক মইনুদ্দিন শামস। কিন্তু শেষরক্ষা হল না। শেষপর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হল করোনা জয় করার পরও। রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যু খবরে বিস্মিত মানুষজন, পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ।

করোনা আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তারপর করোনামুক্ত হয়ে ফিরেও যান বাড়িতে। এরপর হঠাৎই এল তাঁর মৃত্যু সংবাদ। তাঁর বয়স হয়ছিল মাত্র ৫৪ বছর। গত ৫ মে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। নানা উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করা হয়। তাঁর করোনা পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার তিনি সুস্থ হয়ে বীরভূমের বাড়িতে ফিরে এসেছিলেন। এরপর চারদিন কাটতে না কাটতেই প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনুদ্দিন শামস বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, বামফ্রন্টের অন্যতম শরিকদল ফরওয়ার্ড ব্লকের হয়ে তিনি রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন। তিনি ছিলেন বাং আমলের মন্ত্রী কলিমুদ্দিন শামসের ছেলে। এরপর তৃণমূলে যোগ দিয়ে তিনি বিধায়ক হন। নলহাটির বিধায়ক ছিলেন তিনি। এবার নির্বাচনে দল তাঁকে প্রার্থী না করায় নির্দল প্রার্থী হয়ে তিনি ভোট ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। ভোটের ফলাফল প্রকাশের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। করোনা জয় করেও শেষরক্ষা করতে পারলেন না মইনুদ্দিন। স্বল্প বয়সেই ইতি নেমে এল জীবনে।












Click it and Unblock the Notifications