মোদী সরকারের মেয়াদ আর মাত্র ১০ দিন? ঝাড়গ্রামের সভায় কী বললেন অভিষেক?
কেন্দ্রের বিজেপি সরকারের মেয়াদ আর মাত্র ১০ দিন। তারপর আর মোদী সরকার থাকবে না। এমনই বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে তিনি তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেনের পক্ষে সভা করেন। সেখানেই বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন।
আগামী কাল পঞ্চম দফার লোকসভা নির্বাচন রয়েছে। ষষ্ঠ দফার নির্বাচনে ঝাড়গ্রাম কেন্দ্রে ভোট রয়েছে। সেই ভোটের প্রচারে রবিবার সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার, সন্দেশখালি ইস্যু, কেন্দ্রের বঞ্চনা সহ একাধিক বিষয়ে বিজেপিকে তুলোধনা করেন তিনি।

বর্তমান বিজেপি সরকারের মেয়াদ আর মাত্র ১০ দিন। সভামঞ্চ থেকে জোর দিয়ে এই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, " এদের সরকার থাকবে না। যখন ভোট দিতে যাবেন, মাথায় রাখবেন। সরকারের মেয়াদ ১০ দিনের। চার তারিখ কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই। কেউ আটকাতে পারবে না। আমি তিন মাস ধরে রাস্তায়। মানুষের চোখের ভাষা আমি বুঝি।"
একশো দিনের কাজের টাকা বন্ধ রাজ্যে। টাকা পাঠাচ্ছে না কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করলেন অভিষেক। বিজেপি নেতারা ভোটের আগে এলাকায় এসেছিলেন। ভোটের পর আর কাউকে দেখতে পাওয়া যায়নি। এমনই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এ কথা তিনি এদিন বললেন।
২০২১ সালের পর থেকে বিজেপি সরকার আবাস প্রকল্পে ১০ পয়সাও সাহায্য করেনি। বিজেপি টাকা দিয়েছে। প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদিবাসী ভোটব্যাঙ্ক পশ্চিম মেদিনীপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে প্রান্তিক অঞ্চলের মানুষদের আগলে রাখার বার্তা দেন তিনি।
দিল্লিতে এমন সরকার তৈরি হবে যে বুকের রক্ত দিয়ে সংবিধান আগলে রাখবে। তপশিলি, জনজাতিদের অধিকার আগলে রাখবে। মুলোবাসী, আদিবাসীদের অধিকার আগামী দিনে অক্ষুন্ন থাকবে। একটা আঁচড়ও কাটতে পারবে না কেউ। কথা দিচ্ছি। জোর গলায় বার্তা দেন অভিষেক।












Click it and Unblock the Notifications