রামপুরহাটে শুভেন্দু অধিকারীর কর্মসূচি বাতিল করল প্রশাসন, আদালতে যাবেন তিনি?
ফের শুভেন্দু অধিকারীর কর্মসূচি আটকে দিল পুলিশ। বীরভূমের রামপুরহাটে বিরোধী দলনেতার কর্মসূচি ছিল। কিন্তু শেষ মুহূর্তে পুলিশ সেই কর্মসূচির অনুমতি দেয়নি। ফলে ক্ষোভ তৈরি হয়েছে রামপুরহাটের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বিরোধী দলনেতা এই বিষয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন।
আরও একবার প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে তিনি আদালতে যাবেন। এমন ইঙ্গিত এক্স হ্যান্ডেলে তিনি দিয়েছেন। শুভেন্দু অধিকারীর কর্মসূচি বিভিন্ন জেলায় থাকে। অতীতে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে, শেষ মুহূর্তে পুলিশ প্রশাসন সেই কর্মসূচির অনুমতি দেয়নি। ফলে সভা বা মিছিল বাতিল করতে হয়েছে শুভেন্দুকে।

পরে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। কোনও ক্ষেত্রে আদালত শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দিয়েছে। শর্তসাপেক্ষে আদালতের নির্দেশে বিরোধী দলনেতা তারপর সেই কর্মসূচি করেছেন। আজ রামপুরহাট মহকুমা শাসকের অফিসের বাইরে একটি ধর্না কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর৷
তিন দিন আগে পুলিশ প্রশাসনের কাছে এই কর্মসূচির অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। বিজেপির এই চিঠি পুলিশের কাছে দেওয়া হয়। সেই সময় পুলিশের পক্ষ থেকে কোনও বক্তব্য রাখা হয়নি। বিজেপির থেকে কর্মসূচির জন্য প্রস্তুতি চলতে থাকে। আজ বৃহস্পতিবার সেই কর্মসূচি ছিল।
সকালে জানা যায়, বিজেপির এই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। শেষ মুহূর্তে এই কর্মসূচি বাতিল করা হয়েছে। কেন কর্মসূচি বাতিল করা হল? সেই বিষয়ে কোনও কথাও রামপুরহাট প্রশাসনের পক্ষ থেকে জানা যায়নি। এই নিয়ে বিজেপির মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়েছে রামপুরহাটে।
এই বিষয়ে শুভেন্দু অধিকারী টুইট করেছেন। তিনি আজ রামপুরহাটে যাচ্ছেন না। রামপুরহাটের এই কর্মসূতির জন্য আদালতের দ্বারস্থ হবেন তিনি। আদালতে নির্দেশ মতো তিনি পদক্ষেপ করবেন। তবে খুব অল্প সময়ের মধ্যেই তিনি রামপুরহাট যাবেন। এই কথা টুইটে লিখেছেন তিনি।












Click it and Unblock the Notifications