ফের নিশানা ডিভিসিকে, বন্যা পরিস্থিতি সম্পর্কে বীরভূমে বড় বার্তা মমতার
বীরভূমের মাটিতে দাঁড়িয়ে ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বন্যা পরিস্থিতি ডিভিসির জল ছাড়ার কারণেই। এই কথা জোর গলায় ফের বললেন মুখ্যমন্ত্রী। বীরভূমের একাধিক জায়গা জলমগ্ন ছিল। বহু জায়গাতেই পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে আগের অবস্থায় ফিরতে এখনও অনেক সময় লাগবে।
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী বীরভূমে প্রশাসনিক বৈঠক করলেন। তারপর তিনি বার্তা দিলেন। রাজ্যের বহু জায়গা এখনও বানভাসি হয়ে রয়েছে। সাধারণ মানুষ বিপন্ন অবস্থায় রয়েছেন। আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। ফের বৃষ্টির আশঙ্কা আছে দক্ষিণবঙ্গে। দুর্গতদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারের বন্যা 'ম্যান মেড'। ডিভিসি রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়েছে। ভেসে গিয়েছে বাংলার একাধিক জেলা। এই কথা আবারও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের সঙ্গে চিঠি চালাচালি হচ্ছে নবান্নের। জল শক্তি মন্ত্রক মুখ্যমন্ত্রীর অভিযোগ মানতে চাইছেন না। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের বক্তব্যে অনড়। এবারে বন্যার কারণ হিসেবে তিনি দামোদর ভ্যালি কর্পোরেশনকেই দায়ী করছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, " ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে৷ প্রতি বছর ডিভিসি জল ছাড়ায় ম্যান মেড বন্যা হয়।"
দক্ষিণবঙ্গের একাধিক কৃষি জমি জলের তলায়। ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। প্রচুর কৃষক মাথায় হাত দিয়েছেন। কৃষকদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। জল সরে গেলে কৃষি দফতরের আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখবেন। শস্য বিমার টাকা কৃষকদের কাছে পৌঁছে যাবে। সেই বার্তা দিয়েছেন তিনি।
বন্যা দুর্গত এলাকায় প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে। মাটির বাড়ি ধসে গিয়েছে। বহু বাড়িতে জল ঢুকে দেওয়ালের অংশ ভেঙে পড়েছে। সেই সব খতিয়ে দেখা হচ্ছে। জল কমলে এই সব পর্যালোচনা হবে। বাড়ি তৈরির টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে। এখনও অবধি রাজ্য সরকারের তরফ থেকে ১১ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
বন্যার জলে রাস্তার ক্ষতি হয়েছে। বহু রাস্তা এখনও জলের নীচে রয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু রাস্তা। সেই সব রাস্তা তৈরি করতে হবে। রাজ্য সড়কগুলিকে সাড়ানোর জন্য টাকা বরাদ্দ হবে। গ্রামীণ এলাকার রাস্তা সাড়াইয়ের টাকা দেবেন বিধায়করা। বীরভূমের মাটিতে এই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications