Sourav Ganguly: বন্যায় ভেঙেছে মাটির বাড়ি, ঝাড়গ্রামে দুর্গতদের পাশে দাঁড়ালেন সৌরভ
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের মানবিক মুখ। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন মহারাজ।
আজ সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের প্রতিনিধিরা ত্রাণ, খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন মেদিনীপুরের অদূরে ঝাড়গ্রামের বন্যা কবলিত এলাকায়।

বাংলার বিভিন্ন জেলায় বন্যা ও প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও জল কিছুটা কমেছে। যদিও পুজোর মুখে সহায়, সম্বলহীন হয়ে পড়েছেন বহু মানুষ। সৌরভ গঙ্গোপাধ্যায় আগে হুগলি, হাওড়া জেলার বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন। এবার তিনি প্রতিনিধি পাঠালেন ঝাড়গ্রামে।
সৌরভ গঙ্গোপাধ্যায় জানতে পেরেছিলেন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়়গ্রাম জেলার সীমানাবর্তী এলাকায় বহু মাটির বাড়ি ভেঙে পড়েছে বন্যায়। অনেক বাড়ির অবস্থা বিপজ্জনক। এই পরিস্থিতিতে বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। সেই বাড়িগুলির ছবি, বন্যা পরিস্থিতির ছবি দেখে বিচলিত হন প্রাক্তন ভারত অধিনায়ক।
সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের যে টিম আজ ঝাড়গ্রামে গিয়ে ওই দুর্গতদের কাছে মহারাজের পাশে থাকার বার্তা পৌঁছে দিলেন তার নেতৃত্বে ছিলেন শান্তনু ভট্টাচার্য। তিনি বলেন, এই এলাকার মানুষজনের কাছে ত্রাণ পৌঁছয়নি। সে কথা আমরা দাদার অফিসে তাঁর আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্যকে জানিয়েছিলাম।
সৌরভ জানতে পেরেই ওই এলাকার বন্যাকবলিতদের জন্য ত্রিপল, শুকনো খাবার-সহ রেশন সামগ্রী, ওষুধপত্র পাঠান। প্রথমে ঠিক ছিল ওই এলাকায় গিয়েই সৌরভের পাঠানো ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। কিন্তু কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সে কারণে দুর্গত মানুষজনকে নিয়ে আসা হয় খালশিউলির একটি প্রাইমারি স্কুলে।
শান্তনু জানালেন, আমাদের কাছে যা খবর ছিল তাতে শতাধিক বাড়ি বন্যায় ভেঙে পড়েছে। আরও বেশ কিছু বাড়ির অবস্থা খারাপ। তাঁদের জন্য দাদা ত্রিপলও পাঠিয়েছেন। সেই সঙ্গে বন্যাদুর্গতদের জন্য ওষুধ ও খাদ্যসামগ্রী। আপাতত এতে কিছুদিন চালিয়ে নিতে পারবেন ওই মানুষজন। সেই সঙ্গে ভবিষ্যতেও সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া আপ্লুত বন্যাদুর্গতরা।












Click it and Unblock the Notifications