চেহারা ও গানে অবিকল কুমার শানু, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রামপুরহাটের কাজিবর
গত শতাব্দীর নয় দশকের শুরুর সেই গান 'মেরা দিলভি কিতনা পাগল হ্যায়'। সাজন ছবির সেই গান গেয়েছিলেন কুমার শানু। সেই গান পরে অনেকেই গেয়েছেন।
গান শুনে বোঝাই যাবে না এটা কুমার শানুর গলা নয়। আবার আঙুলে আংটি, হাতে ঘড়ি এবং গলায় সোনার হারেও অবিকল কুমার শানু। সোশ্যাল মিডিয়ায় এমনই কুমার শানু ভাইরাল। তবে তিনি কলকাতার বাসিন্দা নন, অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের বাসিন্দা এই নকল শানু।

নকল শানুর পরিচিতি
বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মহলে রীতিমতো ভাইরাল রামপুরহাটের কাজিবর রহমান ওরফে কাজি। বাড়ি রামপুরহাট শহরের কলেজ পাড়ার ১৬ নম্বর ওয়ার্ডে। বয়স আনুমানিক ৪৪। পেশায় অফিস টাইমে দলিল লেখক। আপাতত পেট চালাতে দলিল লেখাকে পেশা করলেও গানই তার আসল নেশা। স্বপ্ন একবার হলেও সামনের থেকে দেখতে চান তার স্বপ্নের গায়ক কুমার শানুকে।
গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আগে কিশোর কুমারের গান গাইলেও, বর্তমানে কুমার শানুর গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রামপুরহাটের কাজিবর রহমান ওরফে কাজি। কুমার শানুর মতো গান থেকে শুরু করে অঙ্গভঙ্গি সবকিছুই একদম কুমার শানুর মতোই। প্রায় সব কিছুই রপ্ত করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় কাজিবর
দলিল লেখার পাশাপাশি তিনি যেমন বাড়িতে গান গেয়ে থাকেন, তেমনি বিভিন্ন স্টেজ শোতে গান গেয়েও জনপ্রিয়। আর এই কাজিবর নিজের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে অন্য সোশ্যাল মিডিয়ায় অনেকগুলি গান আপলোড করেছেন। তার বক্তব্য, ছোট থেকে গান গাওয়ার ইচ্ছে তার। কর্ম জীবনে যখনই ফাঁকা সময় পান, তখনই একটু গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়েন। তার মধ্যে থেকেই কখন তাঁর এই কর্মকাণ্ড ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল তিনি নিজেও।

লক্ষ্য একটি বার সাক্ষাৎ করা
সাম্প্রতি তার কন্ঠে 'মেরা দিলভি কিতনা পাগল হ্যায়' গানটি নেট দুনিয়ায় সারা ফেলে দিয়েছে। চোখ বুজে শুনলে মনে হবে একদম কুমার শানুই গানটি গাইছেন। তবে তার একটি স্বপ্নও সংবাদ মাধ্যমের মাধ্যমে কুমার শানুর কাছে পৌঁছে দিতে চাইছেন। কাজিবর রহমান ওরফে কাজি একটি বার দেখা করতে চান কুমার শানু ওরফে কেদার ভট্টাচার্যের সঙ্গে।












Click it and Unblock the Notifications