Panchayat Election 2023: অনুব্রত জেলে থাকলেও চেনা ছন্দে বীরভূম, বজায় থাকল গুড়বাতাসা-নকুলদানার সংস্কৃতি
বীরভূম আছে বীরভূমেই!অনুব্রত জেলে থাকলেও চেনা ছন্দেই দেখা গেল বীরভূমকে। সেই একই ছবি! ব্যালট বক্স লুঠ, দেদার ছাপ্পা, ভোটকর্মীদের শাসানো, বইকে আগুন, ব্যালট পেপার পুড়িয়ে দেওয়া- কী বাদ রইল আর! কেষ্ট-গড়ে বজায় থাকল গুড়বাতাসা-নকুলদানার সংস্কৃতি।
অনুব্রত মণ্ডলের গুড়বাতাসা বিলি বা নকুনদানার সংস্কৃতি, কিংবা চড়াম-চড়াম বাদ্যির জন্য বিখ্যাত ছিল বীরভূম। সেই বীরভূমে এবারের ভোটে নেই অনুব্রত মণ্ডল। তিনি তিহার জেলে ভর্তি। কিন্তু তিনি গরহাজির থাকলেও তাঁর তৈরি সংস্কৃতির অবাধ বিচরণক্ষেত্র এবারও হয়ে উঠল বীরভূম।

বীরভূমের বিভিন্ন প্রান্তে দেখা গেল প্রতিবারের সেই চেনা ছবি। ময়ুরেশব্রে ব্যালট পেপার ছুড়ে ফেলে দেওয়া হল পুকুরে, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হল। বীরভূমে পুড়িয়ে দেওয়া হল নথি, শাসানো হল ভোটকর্মীদের। এক মহিলা ভোটকর্মী কাঁদতে কাঁদতে বললেন, মুখ বাঁধা অবস্থায় কয়েকজন এসে ব্যালটবাক্স নিয়ে চলে গেল।
বুথে কোনো কেন্দ্রীয় বাহিনীর সদস্য ছিলেন না, মাত্র একজন বন্দুকধারী পুলিশ ছিলেন। একেবারে সিনেমার কায়দায় মুখ বেঁধে কয়েকজন ছুটতে ছুটতে এল, আর ব্যালট বক্স ধরে নিয়ে চলে গেল। একেবারে যেন যুদ্ধক্ষেত্র, আতঙ্কে সিঁটিয়ে ছিলেন ভোটকর্মীরা। চারিদিকে ছড়িয়ে রয়েছে পোড়া ব্যালট, পোড়া বাইক।
এলাকায় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন মুখ বাঁধা 'দুষ্কৃতী'রা। তাদের দখলে গোটা জেলা। ময়ুরেশ্বরের রাজচন্দ্রপুরে ১৪৭ নম্বর বুথে প্রথমে ছাপ্পা দেওয়ার চেষ্টা হয়েছে। তারপর ব্যালট পেপার লুঠ করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ২০১৮ সালেও এই একই ছবি দেখা গিয়েছিল বীরভূমে।

অনুব্রত মণ্ডল না থাকা সত্ত্বেও ২০২৩-এ সেই ভোটের আগুনে জ্বলল বীরভূম। দিকে দিকে অশান্তির খবর আসছে। বীরভূমে এবারও অন্যথা হল না। পঞ্চায়েতে নির্বাচনে সেই দুষ্কৃতীরাজ চলল। অনুব্রত-র অনুপস্থিতিতেও বদনাম ঘোচাতে পারল না বীরভূম। আর অভিযুক্ত সেই তৃণমূল।
গরু পাচার মামলায় তিহার জেলে বন্দি বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। তবে মনোনয়ন পর্ব থেকেই বীরভূমে অটুট তৃণমূলের প্রভবা। পঞ্চায়েতে মনোনয়ন পর্ব মিটে যাওয়ার পর দেখা যায়, ত্রিস্তর পঞ্চায়েতে হাজারেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল।
ভোটপর্বেই তৃণমূল একই ধারা জারি রাখল। সেই সন্ত্রাসের আবহেই ভোট হচ্ছে বীরভূমে। অনুব্রত না থাকলেও তাঁর প্রভাব যে বীরভূমে একইভাবে বজায় আছে, তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পঞ্চায়েত ভোট। সেই কারণেই তিহাড় জেলে থেকেও তিনি আজও বীরভূমের বেতাজ বাদশা।












Click it and Unblock the Notifications