Mamata Banerjee: কবে ছাড়া হবে কেষ্টকে? বীরভূমে প্রচার মঞ্চ থেকে বড় ইঙ্গিত দিলেন মমতা
বীরভূমে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে ফের অনুব্রত মণ্ডলের নাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্ট না থেকেও রয়ে গিয়েছেন বীরভূমে। সেকথা আবারও মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়েকে জোর করে জেলে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ভোট মিটে গেলেই কেষ্টকে ছেড়ে দেওয়া হবে। ভোটের জন্যই কেষ্টকে আটকে রাখা হয়েছে। অনুব্রত মণ্ডল যে আজও তৃণমূল কংগ্রেসের কাছে সমানভাবে প্রাসঙ্গিত সেটা বুঝিয়ে দিয়েছেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমোই। কয়লাপাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে হিসাব বহির্ভুত আয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য বীরভূমে এবার কেষ্ট ছাড়াই ভোট করতে হবে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু কেষ্টর জায়গায় এখনও কাউকে দায়িত্ব দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দায়িত্ব নিজের হাতেই রেখেছেন তিনি। তবে নির্বাচনের কাজের জন্য একটি কমিটি গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের নেতৃত্বেই চলছে দলের নির্বাচনী কাজ। তবে এবার এই কেন্দ্রে প্রার্থী বদল করেনি তৃণমূল কংগ্রেস।
তবে বীরভূমে লাগাতার অভিযান চালিয়ে গিয়েছে এজেন্সি। কেষ্টর গ্রেফতারির পরেও নিয়োগ দুর্নীতি কাণ্ডে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। তাঁর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা। চন্দ্রনাথ সিনহার ফোনও বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। কিন্তু হাজিরা দেননি চন্দ্রনাথ সিনহা। এদিকে তদন্তকারীরা জানিয়েছেন কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে ।
এদিন নির্বাচনী প্রচার সভা থেকে সরাসরি বিজেপি প্রার্থীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী তাঁকে ফাঁসিয়েছেন। শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় তাঁর কোনও হাত ছিল না। পাল্টা তাঁর এই মন্তব্যকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই গুলিচালানোর দায় থেকে এখনও মুক্ত হননি তিনি। মুখ্যমন্ত্রী তাঁকে ফাঁসালে আরও বড় কিছু হতে পারত।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা করা হয়েছিল। তাঁর বাড়ি রেইকি করা হয়েছিল। গুলি চালিয়ে মেরে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়েও এদিন সরব হয়েছেন তিনি। এতোগুলো টাকা কীভাবে চার মাসের মধ্যে ফেরত দেবেন চাকরি প্রার্থীরা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।












Click it and Unblock the Notifications