সিবিআই খুন করেছে লালনকে! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পুলিশে অভিযোগ স্ত্রীর
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পুলিশে অভিযোগ স্ত্রীর
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকদের বিরুদ্ধে রামপুরহাট থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন বগটুই-হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের স্ত্রী। এবার তিনি সিবিআইয়ের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ করলেন। তাঁর অভিযোগ, মামলা ধামাচাপা দিতে ৫০ লক্ষ টাকা চেয়েছিল সিবিআই।

লালনের স্ত্রীর রেশমা বিবির বিস্ফোরক অভিযোগ, সিবিআই ৫০ লক্ষ চাকা চেয়েছিল। সেই টাকা দিতে না পারায় লালনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় সিবিআইয়ের রামপুরহাটের ক্যাম্পে লালনের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই বগটুই ফুঁসছে। রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ হয়। মঙ্গলবারও বিক্ষোভ চলে সকাল থেকে।
সিবিআই সূত্রে জানানো হয়েছিল, শৌচাগারে গিয়ে আত্মঘাতী হন লালন। লালনের মৃত্যুর খবর জানার পরই সিবিআইয়ের বিরুদ্ধে তাঁকে পিটিয়ে খুন করার চাঞ্চল্যকর অভিযোগ তোলে তাঁর পরিবার।এবার সেই অভিযোগ তুলে রামপুরহাট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী। সেইসঙ্গে তিনি জানান তাঁর কাছে মামলা ধামাচাপা দেওয়ার জন্য ৫০ লাখ টাকা চান সিবিআই আধিকারিকরা।
লালনের মা, স্ত্রী, দিদি-সহ পরিবারের অন্যান্য সদস্যদেরও দাবি, গতকাল তদন্তের কাজে লালনকে রবিবার বগটুই গ্রামের বাড়িতে নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। লালনের মা অভিযোগ করেন, ছেলেটাকে এত মারধর করা হয়েছে যে, সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। তার শরীরের অবস্থা আদৌ ভালো ছিল না।
রামপুরহাট থানায় অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করছে পুলিশও। সিবিআইও বিভাগীয় তদন্ত শুরু করেছে। আবার সিআইডিও তৎপরতা চালাচ্ছে। জেলা পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। ময়নাতদন্তের সময় সিআইডির চারজন আধিকারিক উপস্থিত ছিলেন।
সোমবার রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয় লালন শেখের। বগটুই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখকে ছ-দিনের হেফাজতে নেওয়ার পর ফের তাঁকে তিনদিনের হেফাজতে নিয়েছিল সিবিআই। এই তিনদিনের হেফাজতে থাকাকালীন তাঁর মৃত্যু হয়। হেফাজতে মৃত্যু একটা স্পর্শকাতর বিষয়। এই ঘটনায় সিবিআইয়ের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। এবং বগটুই হত্যাকাণ্ডের তদন্ত প্রভাবিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ২২ মার্চ রাতে বীরভূমের রামপুরহাটের বগটুইগ্রামে ১০ জনকে পুড়িয়ে মারা হয়েছিল বলে অভিযোগ। তার আগের দিন অর্থাৎ ২১ মার্চ বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয়েছিল। ভাদু শেখ খুনের পর ১০ জনকে পুড়িয়ে মারার ঘটনায় লালন শেখ ছিল মূল অভিযুক্ত। লালন শেখ তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত ছিল। ৪ ডিসেম্বর তাঁকে গ্রেফতারের পর সিবিআই তাঁকে হেফাজতে নিয়েছিল।












Click it and Unblock the Notifications