অনুব্রতের কালী মূর্তির ৫৬০ ভরি সোনার গয়না কীভাবে এল? ব্যাঙ্কে হানা ইডির
অনুব্রত মণ্ডলের খাসতালুকে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ধুমধাম করে কালী পুজো করতেন অনুব্রত মণ্ডল। ভরি ভরি সোনা রুপোর গয়না পরানো হত কালী মূর্তিকে। এবার সেই গয়নার উৎস খুঁজতে গেলেন ইডি আধিকারিকরা।
বুধবার বীরভূমের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হানা দিলেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এই অভিযান। কেন্দ্রীয় বাহিনী বাইরে থেকে ব্যাঙ্কটিকে ঘিরে রেখেছিল। ওই গয়না ব্যাঙ্কে জমা থাকে বলে খবর। সেই গয়নার কাগজপত্র দেখতে এবার সেখানে ইডি আধিকারিকরা।

কয়েকশো কোটি টাকার সম্পত্তির হিসেব পাওয়া গিয়েছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। স্ত্রী ও মেয়ের নামেও প্রচুর সম্পত্তির খোঁজ। কীভাবে এত সম্পত্তি হল? তাই নিয়ে প্রশ্ন রয়েছে। গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল। তিনি এখন তিহার জেলে বন্দি।
নীচুপট্টি এলাকায় কালীপুজো করা হত। সেই পুজো অনুব্রত মণ্ডলের পুজো বলেই পরিচিত। কালীমূর্তিকে বিপুল পরিমাণ গয়না পরানো হত বলে জানা গিয়েছে। কালীমূর্তির সেই গয়নার পরিমাণ ৫৬০ ভরি। এই বিপুল পরিমাণ গয়না কীভাবে এল? কারা দিল এই গয়না? এই প্রশ্ন বরাবর উঠেছে।
অনুব্রত মণ্ডল কখনও জানিয়েছেন এই গয়না মানুষের। তারাই কালীমূর্তিকে এইসব গয়না দান করেছেন। তবে পরিষ্কার তথ্য কখনওই সামনে আসেনি বলে খবর। এই বিপুল পরিমাণ গয়নার সূত্র বার করতে এবার তৎপর ইডি। ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে গয়না মজুত রাখা রয়েছে। সূত্র খুঁজতে ব্যস্ত আধিকারিকরা।
একাধিক বার জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন বীরভূমের তৃণমূলের এই নেতা। শারীরিকভাবে প্রবল অসুস্থ। সেই কথাও দাবি করা হয়েছে। কিন্তু আদালত সেই জামিনের আবেদন গ্রহণ করেনি৷ এখন তিহার জেলই তাঁর বর্তমান ঠিকানা।












Click it and Unblock the Notifications