বিদ্রোহী দমনে কড়া পদক্ষেপ বিজেপির! প্রাক্তন জেলা সভাপতিকে শোকজের সিদ্ধান্ত
বিদ্রোহী দমনে কড়া পদক্ষেপ বিজেপির! প্রাক্তন জেলা সভাপতিকে শোকজের সিদ্ধান্ত
বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সভাপতি দুধকুমার মণ্ডল দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। শুধু বেসুরো বেজেই ক্ষান্ত হননি তিনি, সরাসরি বঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে আঙুল উঁচিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, যাঁরা আমাকে ভালোবাসেন তাঁরা চুপচাপ বসে যান। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্টের পরই কড়া পদক্ষেপ নিল বিজেপি। তাঁকে শোকজের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

দুধকুমার মণ্ডলকে শোকজের সিদ্ধান্ত বিজেপির
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবারই বিদ্রোহী নেতার বিরুদ্ধে সরব হয়ে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যের জন্য দুধকুমার মণ্ডলকে শোকজের সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। সূত্রের খবর, যত দ্রুত সম্ভব তাঁকে শোকজের চিঠি দিওয়া হবে।

দলবিরোধী মন্তব্য বা শৃঙ্খলাভঙ্গ করলেই শাস্তি
বিজেপি গতকালই বীরভূম জেলা বিজেপির অন্যতম নেতা তথা নলহাটি বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অনিল সিংহকে বহিষ্কার করেছে। তার একদিন পরেই বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সভাপতি দুধকুমার মণ্ডলকে শোকজের রাস্তায় হাঁটতে চলেছে। দলবিরোধী মন্তব্য বা শৃঙ্খলাভঙ্গ করলে যে বিজেপি কাউকেই রেয়াত করবে না তা জানাতেই এই কড়া সিদ্ধান্ত নিল বিজেপি।

শোকজের জবাবের আগেই সাসপেন্ড জয়প্রকাশ-রীতেশ
সম্প্রতি বিজেপির দুই রাজ্য নেতা রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারকে শোকজের পরই সাসপেন্ড করা হয়। তাঁরা শোকজের জবাব দেওয়ার আগে সাময়িক বরখাস্তের নোটিশ ধরানো হয় রীতেশ ও জয়প্রকাশকে। তারপর বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করে তৃণমূলে যোগ দেন জয়প্রকাশ। কিন্তু রীতেশ রয়ে যান বিজেপিতেই। তাঁর সাসপেনশন এখনও তোলেনি বিজেপি।

বিজেপি দুদিক দিয়ে ক্ষয়িষ্ণু হচ্ছে বাংলায়, আশঙ্কা
তারপরও জেলায় জেলায় বিজেপির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে যে বিদ্রোহ দেখা দিচ্ছে তা দমনে শোকজ ও বরখাস্তের রাস্তায় হাঁটছে বিজেপি। একইসঙ্গে গণইস্তফা আর সাময়িক বরখাস্ত চলছে। বিজেপি দুদিক দিয়ে ক্ষয়িষ্ণু হচ্ছে। তবু দলীয় শৃঙ্খলারক্ষায় কোনও সমঝোতার রাস্তায় হাঁটতে নারাজ তাঁরা।

বেসুরো বাজতেই দুধকুমারের বিরুদ্ধে ব্যবস্থা বিজেপির
রবিবার সরাসরি মৌচাকে ঢিল ছোড়েন বীরভূম বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার। একইদিনে প্রকাশ্যে আসে অনিল সিংহকে বরখাস্তের খবর। ফলে বিদ্রোহী নেতা দুধকুমারের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে বিজেপি, তা মনে করেছিল রাজনৈতিক মহল। সেইমতো প্রাক্তন জেলা সভাপতি বেসুরো বাজতেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে বঙ্গ বিজেপি।

দলের নিয়ম মেনেই বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
বিদ্রোহী নেতা দুধকুমার মণ্ডল বর্তমানে রাজ্য কমিটির সদস্য, তাঁর উষ্মার পর তাঁকে শোকজের রাস্তায় হাঁটল বিজেপি। বঙ্গ বিজেপির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুকে বীরভূম বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডলের বিস্ফোরক পোস্টের পর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, কোনও নেতাকে ভালোবেসে বিজেপি করে না কেউ। দলের নীতি আর আদর্শকে ভালোবেসে সবাই বিজেপি করে। তাই দলের নিয়ম ভাঙলে, দলের নিয়ম মেনেই বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তা-ই নেওয়ার পথে রাজ্য বিজেপি।












Click it and Unblock the Notifications