বীরভূমের বিস্ফোরণে কলকাতা হাইকোর্টে মামলা, এনআইএ তদন্তের দাবি
বীরভূমের খোলামুখ কয়লাখনিতে সোমবার বিস্ফোরণ হয়েছিল। মারা গিয়েছেন ছয় জন। ওই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। এনআইএ তদন্ত দাবি করে এই মামলা হাইকোর্টে দাখিল হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই অনুমতি দিয়েছেন।
বীরভূমের খয়রাশোলের ভাদুলিয়া কয়লাখনিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা অত্যন্ত বেশি ছিল। খনি শ্রমিকদের শরীর বিস্ফোরণের ফলে ছিন্নভিন্ন হয়ে যায়। জখমদের শারীরিক অবস্থাও যথেষ্ট দুশ্চিন্তাজনক জায়গায় রয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল খনিতে কয়লা তোলার জন্য এই বিস্ফোরণ করানো হয়। তবে সেই বক্তব্য নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। কয়লা খনি এলাকায় একটি ট্রাক বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেবল কাঠামো টুকু রয়েছে গাড়িটির। সেই গাড়িতেই বিস্ফোরণ হয়েছে। এই কথাও জানা গিয়েছে।
বিস্ফোরণের মাত্রা অত্যন্ত বেশি ছিল। ওই এলাকা বিস্ফোরণের পর কেঁপে ওঠে। আশেপাশের গ্রামের মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখা যায়, ঘটনাস্থলে চারদিকে পাথর, ধুলোর স্তূপ হয়ে রয়েছে। বাতাসে দীর্ঘ সময় বারুদের গন্ধ ছিল। পাঁচ জন ঘটনাস্থলেই মারা যায়। একজন পরে হাসপাতালে মারা গিয়েছেন। তবে অসমর্থিত সূত্রে খবর, মৃতের সংখ্যা আট জন। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। অন্যান্য জখম শ্রমিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন।
রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি করেছিলেন। এর আগে মহম্মদ বাজারে ৮১ হাজার জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায় এনআইএ তদন্ত করছে। তার সঙ্গে সোমবারের ঘটনার কোনও যোগ রয়েছে কি? সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি।
তবে এবার এই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা হল। এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।












Click it and Unblock the Notifications