Anubrata Mondal: সাজছে নিচুপট্টির বাড়ি, কবে গড়ে ফিরছেন কেষ্ট? নতুন উন্মাদনায় বোলপুর
বোলপুর জুড়ে এখন সাজসাজ রব। ঝিমিয়ে থাকা কেষ্ট অনুরাগীরা নতুন উদ্যোমে জেগে উঠেছে। নিচু পট্টির বাড়ি জুড়ে চলছে সাফাই অভিযান। অফিস ঘরে ঝাড়পোছ চলছে। সাজিয়ে তোলা হচ্ছে ঘরের প্রতিটি কোনা। কোথাও যাতে কোনও ধুলো পড়ে না থাকে।
আবার নিচুপট্টির বাড়ির সামনে জেগে উঠেছে দলীয় পতাকা। কয়েক মাস আগে লোকসভা ভোটের আগেও যেখানে উঁকি দিয়েছিল গেরুয়া পতাকা। এবার আর সে সুযোগ রাখতে চাইছেন না কেষ্ট অনুগামীরা। এতোদিন পর ফিরছেন তিনি। কিন্তু কবে বোলপুরে পা রাখবেন বীরভূমের কেষ্ট।

সুনির্দিষ্ট কোনও দিনক্ষণ না জানা গেলেও শোনা যাচ্ছে সোমবারেই নাকি রাজ্যে পা রাখবেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল জেলা সভাপতি। তারপরে মঙ্গলেই নাকি নিজের গড়ে ফিরবেন তিনি। আদালত অবশ্য জামিনে শর্ত বেঁধে দিয়েছে আগে থেকে তদন্তকারীদের জানিয়ে দিতে হবে রাজ্যে তিনি কোন ঠিকানায় থাকবেন।
প্রায় আড়াই বছর জেলে কাটিয়ে বীরভূমে ফিরছেন কেষ্ট মণ্ডল। এতোদিন তাঁর জায়গা শূন্যই পড়েছিল। দল তাঁকে সরিয়ে অন্য কাউটে তৃণমূল জেলা সভাপতির পদ দেয়নি। কয়েকদিন আগেই তাঁর মেয়ে জামিনে মুক্তি পেয়েছেন। এবার অনুব্রত মণ্ডলও ছাড়া পেয়েছেন জামিনে। দুজনের কেউ বাড়িতে না থাকায় সেটি তালাবন্ধ হয়ে পড়েছিল। অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাচ্ছেন শোনার পরেই তালা খুলেছে বাড়ির। ঝাড়পোছ শুরু হয়ে গিয়েছে। পর্দা থেকে শুরু করে টেবিল-ছবি সব সাফাই করা হচ্ছে।
যেখাবে নিজের অফিস ঘর পার্টি অফিস সাজিয়ে রাখতে পছন্দ করতেন কেষ্ট মণ্ডল সেভাবেই সাজিয়ে তোলা হচ্ছে সেগুলি। তাঁর বাড়ির গৃহদেবতার জায়গাও সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করা হচ্ছে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন কেষ্ট মণ্ডল সেকারণে পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর রাখছেন দলীয় কর্মীরা।












Click it and Unblock the Notifications